Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

এক্স-ফ্যাক্টর হতে পারেন শ্রেয়স

২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম আইসিসি ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। এবারও মিনি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দু’দল। রবিবার দুবাইয়ে খেতাবি লড়াই তাই টিম ইন্ডিয়ার কাছে বদলার মঞ্চ।

এক্স-ফ্যাক্টর হতে পারেন শ্রেয়স
  • ৭ মার্চ, ২০২৫ ০৪:০৩
Prefer us on Google

দুবাই: ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম আইসিসি ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। এবারও মিনি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দু’দল। রবিবার দুবাইয়ে খেতাবি লড়াই তাই টিম ইন্ডিয়ার কাছে বদলার মঞ্চ। আর সেই মহারণে এক্স-ফ্যাক্টর হতে পারেন শ্রেয়স আয়ার। দুরন্ত ফর্মে রয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। তাছাড়া কিউয়িদের বিরুদ্ধে তাঁর রেকর্ডও বেশ ঝলমলে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত আট ম্যাচে ৭০ গড়ে ৫৬৩ রান করেছেন শ্রেয়স। চলতি টুর্নামেন্টের গ্রুপ পর্বেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৭৯ রানের ইনিংস উপহার দেন তিনি। সেই ধারা ফাইনালেও বজায় রাখতে মুখিয়ে থাকবেন ভারতীয় ব্যাটার।

Advertisement

একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারে ধারাবাহিকভাবে ভরসা দিচ্ছেন শ্রেয়স। চলতি আসরে চার ইনিংসে তাঁর সংগ্রহ ১৯৫ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমি-ফাইনালে গুরুত্বপূর্ণ ৪৫ রান করেন তিনি। দুবাইয়ের বাইশ গজে দারুণ কার্যকরী ভূমিকা নিচ্ছেন শ্রেয়স। আসলে স্পিনের বিরুদ্ধে বরাবরই সাবলীল। তাই ফাইনালে দুবাইয়ের মন্থর উইকেটে স্যান্টনার, ফিলিপসদের শান্ত রাখতে ভারতের বড় অস্ত্র হতে পারেন শ্রেয়স। পাশাপাশি বিরাট কোহলিও দুরন্ত ছন্দে। পাকিস্তানের বিরুদ্ধে  শতরানের পর সেমি-ফাইনালেও ভরসা জুগিয়েছে বিরাটের ব্যাট। রোহিত শর্মা, শুভমান গিলরাও ছন্দে আছেন। ভারতের স্পিন বিভাগও বেশ শক্তিশালী। বিশেষ করে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীতে সামলানোই চ্যালেঞ্জ কেন উইলিয়ামসনদের।
ফাইনালের জন্য বৃহস্পতিবারই দুবাইয়ে পৌঁছছে নিউজিল্যান্ড দল। তবে এদিন তারা অনুশীলনে নামেনি। হোটেলেই বিশ্রাম নিয়েছেন কেন উইলিয়ামসনরা। এদিকে, রবিবারের খেতাবি লড়াইয়ে অন-ফিল্ড আম্পায়ার থাকবেন অস্ট্রেলিয়ার পল রিফেল ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ।

Advertisement
সম্পর্কিত সংবাদ