Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দিল্লিকে হারিয়ে প্রথম দুয়ে ওঠাই লক্ষ্য শ্রেয়স বাহিনীর

ব্যর্থতার কানাগলি থেকে সাফল্যের রাজপথে পাঞ্জাব কিংস।

দিল্লিকে হারিয়ে প্রথম দুয়ে ওঠাই লক্ষ্য শ্রেয়স বাহিনীর
  • ২৪ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জয়পুর: ব্যর্থতার কানাগলি থেকে সাফল্যের রাজপথে পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত প্রীতি জিন্টার দল ট্রফির স্বাদ পাবে কিনা, তা সময় বলবে। তবে শ্রেয়স আয়ারদের দুরন্ত পারফরম্যান্স দেখে অনেকেই বলছেন, ‘উড়তা পাঞ্জাব’। মোটেও অত্যুক্তি নয়। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তারা প্লে-অফে জায়গা পাকা করেছে আগেই। এবার পয়েন্ট তালিকায় প্রথম দুয়ে শেষ করাই লক্ষ্য পাঞ্জাবের। সেক্ষেত্রে দু’টি সুবিধা পাবেন শ্রেয়সরা। প্রথম কোয়ালিফায়ার খেলে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ মিলবে। হারলেও টিকে থাকবে আশা। পর পর দু’টি ম্যাচ জিতে ফাইনালের টিকিট ছিনিয়ে নেওয়ার সুযোগ থাকবে। সেই কারণেই শনিবার জয়পুরে দিল্লি ক্যাপিটালসকে হারাতে মরিয়া পাঞ্জাব কিংস।

Advertisement

তবে এবারের আইপিএলে দিল্লিও বেশ ভালোই ছাপ ফেলেছে। দুর্ভাগ্যবশত অক্ষর প্যাটেলরা শেষ চারে পৌঁছতে পারেনি। কিন্তু এই ম্যাচে পাঞ্জাবকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সব রসদ রয়েছে লোকেশ রাহুলদের দলে। তবে চাপের মুখে ভেঙে পড়ার রোগ পুরোপুরি সারিয়ে উঠতে পারেনি দিল্লি। মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচেও তেমনটাই দেখা গিয়েছে। তবে লোকেশ রাহুল বড় রান পেলে দিল্লি জাঁকিয়ে বসবে ম্যাচে। সঙ্গে আছেন অভিষেক পোড়েল, ফাফ ডু’প্লেসি। ক্যাপ্টেন অক্ষর ফিট হয়ে এই ম্যাচে খেলেন কিনা সেটাই দেখার। মিডল অর্ডারে ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা আছেন। পাশাপাশি টপ অর্ডারে সমীর রিজভিকে নিয়ে অনেকেই আশাবাদী। দিল্লির বোলিং আহামরি নয়। চামিরা সিলভা, মুকেশ কুমার, মুস্তাফিজুররা সেভাবে ঝাঁকুনি দিতে পারছেন না। স্পিনার কুলদীপ যাদবও ফর্ম হারিয়ে বেশ চাপে। তুলনায় বিপরাজের অলরাউন্ড পারফরম্যান্স দিল্লিকে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে।
এদিকে, পাঞ্জাব কিংস চাইছে প্লে-অফের আগে কম্বিনেশনকে আরও মজবুত করে নিতে। গত ম্যাচে বড় রান পাননি দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরন সিং। তাই তাঁরা রানে ফিরতে মরিয়া। তবে ক্যাপ্টেন শ্রেয়স আয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিংরা ছন্দে আছেন। দিল্লির তুলনায় পাঞ্জাবের বোলিং খুবই শক্তিশালী। বিশেষ করে পেস আক্রমণ বেশ ঝাঁঝালো। অর্শদীপ সিং, মার্কো জানসেন, জেভিয়ার ব্রাটলেট, ওমরজাই কঠিন পরীক্ষায় ফেলবেন বিপক্ষের ব্যাটারদের। স্পিন বিভাগও চনমনে। হরপ্রীত ব্রারের সঙ্গে যুজবেন্দ্র চাহালের জুটি যথেষ্ট সফল।
 ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
সম্প্রচার স্টার স্পোর্টস এবং জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ