শিবাজী চক্রবর্তী, কলকাতা: আর্থিক সমস্যায় জেরবার মহমেডান স্পোর্টিং। ট্রান্সফার ব্যানের আশঙ্কায় থরথরিয়ে কাঁপছে রেড রোডের পাশের ক্লাব। এমনকী, আগামী মরশুমে আইএসএলে অংশগ্রহণও অনিশ্চিত। সবমিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে টিম ম্যানেজমেন্টের। এমন কোণঠাসা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন সাদা-কালো কর্তারা। সূত্রের খবর, দ্রুত সুখবর পেতে চলেছে ঐতিহ্যশালী মহমেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ লক্ষ সমর্থক। সবকিছু ঠিকঠাক থাকলে মহমেডানের নতুন ইনভেস্টর হতে পারে শ্রী সিমেন্ট। এর আগে মুখ্যমন্ত্রীর অনুরোধেই ইস্ট বেঙ্গলে ইনভেস্ট করেছিল তারা। কিন্তু গাঁটছড়া ভেঙে যাওয়ার পর ফুটবল থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন শ্রী কর্তারা। মহমেডান স্পোর্টিংকে বাঁচাতে ফের তাঁদের অনুরোধ করা হয়েছে।
নতুন ইনভেস্টরদের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে ৮৩ শতাংশ শেয়ার দাবি করেছেন তাঁরা। মহমেডান কর্তারা দফায় দফায় আলোচনা সারছেন। হাতে সময় কম। কিন্তু পিঠ বাঁচাতে এই মুহূর্তে অন্য কোনও বিকল্প তাঁদের হাতে নেই। শোনা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই দুবাই উড়ে যাবেন মহমেডান স্পোর্টিংয়ের কোর কমিটির প্রতিনিধি দল। চূড়ান্ত চুক্তি হতে পারে সেখানেই। অবশ্য এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন সাদা-কালো কর্তারা। শ্রী সিমেন্ট ম্যানেজমেন্টও স্পিকটি নট।
আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে পা রেখেছিল মহমেডান স্পোর্টিং। কিন্তু গ্ল্যামার লিগের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ টিম ম্যানেজমেন্ট। গোটা মরশুমেই আর্থিক সমস্যায় ভুগেছে দল। এমনকী, বেতন না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন ফুটবলাররা। বিদেশিরা ইতিমধ্যেই ফিফায় অভিযোগ দায়ের করেছেন। আইএসএল কর্তৃপক্ষও মহমেডানের উপর ক্ষুব্ধ। লগ্নিকারী সংস্থাও পাততাড়ি গুটিয়েছে। নোটিশ দিয়ে কার্যত হলুদ কার্ড দেখিয়ে রেখেছেন তাদের। এমন পরিস্থিতিতে শ্রী সিমেন্টের মতো সংস্থা ক্লাবের পাশে দাঁড়ালে স্বস্তি পাবেন সমর্থকরা।