Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রবণ প্রতিবন্ধী টেবিল টেনিসে ভারতীয় দলে শিলিগুড়ির তিন

শ্রবণ প্রতিবন্ধী টেবিল টেনিসে ভারতীয় দলে শিলিগুড়ির তিন
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: দশম এশীয় প্যাসিফিক শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়ায় টেবিল টেনিসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন শিলিগুড়ির তিন খেলোয়াড়। বিশিষ্ট টেবিল টেনিস কোচ ভারতী ঘোষের হাতে তৈরি প্রিয়ম চক্রবর্তী, শ্রেয়াস সাহা পুরুষ এবং শুভেচ্ছা রায় মহিলা ভারতীয় দলের হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আগামী ১ থেকে ৮ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই প্রতিযোগিতার আসর বসবে।  
Advertisement
এর আগে ভারতী ঘোষের দুই ছাত্রী শর্মিষ্ঠা হালদার ও পলি সাহা শিলিগুড়ি থেকে প্রথম দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক শ্রবণ প্রতিবন্ধী টেবিল টেনিসে খেলেছেন, পদকও জিতেছেন। কিন্তু এবারের প্রিয়ম, শ্রেয়াস ও শুভেচ্ছাদের  ভারতীয় দলে সুযোগ পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভারতী ঘোষ। তিনি বলেন, এতদিন শ্রবণ প্রতিবন্ধী টেবিল টেনিস সহ সব খেলায় দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে গেলে খেলোয়াড়দেরই নিজের খরচ জোগার করে যেতে হতো। এদের অধিকাংশ দুঃস্থ পরিবারের ছেলেমেয়ে। ফলে বিপুল টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব হতো না।  আগে পলি, শর্মিষ্ঠা, এখন প্রিয়ম, শ্রেয়াস ও শুভেচ্ছাদের দেশের হয়ে  বিদেশে খেলতে পাঠানোর জন্য মানুষের কাছে হাত পাততে হয়েছে। এবার আর তা করতে হবে না। এবারই প্রথম ভারতীয় ক্রীড়ামন্ত্রক এশীয় প্যাসিফিক শ্রবণ প্রতিবন্ধী ক্রীড়ায় ভারতীয় দলের অংশগ্রহণকে অনুমোদন দিয়েছে। অন্যান্য খেলার মতো পুরো খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। এটা একটা বড় জয়।
এই প্রতিযোগিতায় টেবিল টেনিস ছাড়াও অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা জুডো, তাইকোন্ডো এবং কুস্তিতে ভারত  অংশগ্রহণ করছে।  মোট ৬৯ জন খেলোয়াড় ১৫ জন কোচ ভারতীয় দলের হয়ে কুয়ালালামপুর যাবেন। শিলিগুড়ি প্লেয়ার্স ওয়েলফেয়ার রিহ্যাবিলিটেশন সোসাইটির সম্পাদক অমিত সরকার বলেন, শ্রবণ প্রতিবন্ধী টেবিল টেনিস  খেলোয়াড়দের বিদেশ সফর করার ক্ষেত্রে এতদিন আমাদের চিন্তার কারণ ছিল। জনে জনে কার্যত হাত পেতে আমরা তাদের যাওয়ার খরচ সংগ্রহ করতাম। অনেক ক্ষেত্রে টাকা যোগাড় করতে না পারায় অনেকে বিদেশ সফর করতে পারেনি। এই ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে লিগাল এইড ফোরামকে যুক্ত করে এই শ্রবণ প্রতিবন্ধী কৃতী খেলোয়াড়দের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে খরচ বহনের বিষয়টি নিয়ে বিভিন্ন স্তরে আবেদন ও তদ্বির করে এসেছি। অবশেষে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবার দশম এশীয় প্যাসেফিক ক্রীড়ায় অংশগ্রহণের অনুমোদন দেওয়ায় সেই সমস্যার সমাধান হল। এবার  মালয়েশিয়ায় ভারতীয় দলের হয়ে খেলতে যাওয়ার জন্য প্রিয়ম, শ্রেয়াস ও শুভেচ্ছাদের আর টাকার জন্য দুশ্চিন্তায় থাকতে হবে না।
সম্পর্কিত সংবাদ