Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শেয়ার ট্রেডিং ব্যবসায় নেমে ৬০ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী

শেয়ার ট্রেডিং ব্যবসায় নেমে ৬০ লক্ষ টাকা খোয়ালেন ব্যবসায়ী
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, তমলুক: সোশ্যাল মিডিয়ায় লোভনীয় অফারের টোপ গিলে শেয়ার ট্রেডিং ব্যবসায় ৬০লক্ষ টাকা খোয়ালেন এক ব্যবসায়ী। রামনগর-২ ব্লকের পশ্চিম করঞ্জি গ্রামের ওই ব্যবসায়ীর নাম অনুপম সাউ। রামনগরে পেট্রল পাম্প ছাড়াও তাঁর পানের ব্যবসা রয়েছে। ১৮ডিসেম্বর তিনি তমলুক সাইবার ক্রাইম থানায় এনিয়ে এফআইআর করেছেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে তমলুক সাইবার ক্রাইম থানার পুলিস। মুম্বইয়ের বান্দ্রা থেকে সাইবার প্রতারকরা ওই অপারেশন চালিয়েছে বলে তদন্তকারী অফিসাররা প্রাথমিক তদন্তে জানতে পেরেছেন। এর আগে নন্দকুমার থানার বাসুদেবপুর গ্রামে বিশ্বজিৎ মাইতি নামে এক ব্যবসায়ী একই প্রতারণা চক্রের টোপ গিলে ১কোটি ৩২লক্ষ টাকা খুইয়েছেন। তিনিও পেট্রল পাম্পের মালিক। গত ১৮অক্টোবর অনুপমবাবু একটি হোয়াটসঅ্যাপ কল পান। শেয়ার ট্রেডিং এবং স্টক মার্কেটিংয়ে দ্বিগুণ মুনাফার টোপ দেওয়া হয়েছিল। তাতে উৎসাহ দেখানোর পর সাইবার প্রতারকরা তাঁকে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করিয়ে নেয়। এরপরই টানা দু’মাস দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধারাবাহিকভাবে টাকা দিয়েছেন অনুপমবাবু। এপর্যন্ত মোট ৬০লক্ষ টাকা দিয়েছেন বলে পুলিসকে জানিয়েছেন। পুলিস জানিয়েছে, নন্দকুমারের বিশ্বজিৎবাবু ও রামনগরের অনুপমবাবু দু’জনেই একই প্রতারণা চক্রের শিকার হয়েছেন। দু’জনের খোয়া যাওয়া টাকার পরিমাণ ১কোটি ৯২লক্ষ টাকা। এর আগে পূর্ব মেদিনীপুর জেলায় এত বড় অঙ্কের সাইবার প্রতারণা খুব কম হয়েছে। শেয়ার ট্রেডিংয়ে দ্বিগুণ মুনাফার টোপ দিয়ে প্রায়ই অজানা নম্বর থেকে অফার দেওয়া হচ্ছে। এধরনের অফারে আগ্রহ দেখালেই  বিপদ।
Advertisement
সম্পর্কিত সংবাদ