সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর কলেজে জমি জরিপের কাজ শুরু হল। বুধবার সকাল থেকে জরিপের কাজ করা হয়। কলেজ সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবারও জরিপের কাজ হবে। প্রসঙ্গত, তাদের জমি বেহাত হয়ে যাচ্ছে বলে কলেজ কর্তৃপক্ষ বার বার অভিযোগ তুলেছে। একই অভিযোগ কলেজের জমি রক্ষা কমিটিরও। জরিপ করে কলেজের জমি চিহ্নিত করে দেওয়ার জন্য তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে । কলেজ অধ্যক্ষ বিদ্যুৎ সামন্ত বলেন, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অনুমতি নিয়ে এই কাজের জন্য আমরা বেসরকারি এজেন্সি নিয়োগ করেছি। তারাই এদিন জমি জরিপ করে। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কমিটির প্রতিনিধিরাও ছিলেন। তিনি বলেন, দপ্তর থেকে আমাদের জমি চিহ্নিত করে দেওয়া হলে আমরা সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নিতে পারব।



