সংবাদদাতা, শিলিগুড়ি: ফায়ার লাইসেন্স ছাড়াই চলছে শিলিগুড়ির সেভক রোডে একটি শপিংমল। সেই শপিংমলের বিরুদ্ধে ফায়ার লাইসেন্সের পাশাপাশি আরও এক গুচ্ছ অনিয়মের অভিযোগ রয়েছে। পুরসভা এনিয়ে পদক্ষেপ করলেও ফায়ার লাইসেন্স ছাড়া ব্যবসা করার ঘটনায় দমকলের তরফে এখনও কঠোর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মেয়র গৌতম দেব। অবিলম্বে ওই শপিংমল বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়ে দমকল বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য পুরসভা থেকে চিঠি দেওয়ার নির্দেশ দেন মেয়র।
Advertisement
শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র ফোন ইন লাইভ অনুষ্ঠানে ৪১ নম্বর ওয়ার্ডের এক নাগরিক ওই শপিংমলের বিরুদ্ধে ফায়ার লাইসেন্স ছাড়া ব্যবসা করার অভিযোগ জানান। মেয়র বলেন, ওই শপিংমলের অন্যান্য অনিয়ম নিয়ে আমাদের কাছে অভিযোগ আসার পর আমরা প্রয়োজনীয় পদক্ষেপ করেছি। কিন্তু দমকলের তরফে এখনও পদক্ষেপ নেওয়া হয়নি। সেক্ষেত্রে পুরসভার তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তিনি আধিকারিকদের কাছে জানতে চান। তারপরই মেয়র পুরসভার সচিব অনাবিল দত্ত ও অন্যান্য আধিকারিকদের নির্দেশ দেন, এদিনের মধ্যেই এব্যাপারে দমকলকে জানাতে যাতে তারা ওই শপিংমলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। এরপরেও দমকল পদক্ষেপ না করলে তিনি বিষয়টি সরাসরি রাজ্যের দমকল মন্ত্রীকে জানাবেন বলেও উল্লেখ করেন মেয়র। অনুষ্ঠান শেষে এক প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ব্যবসা করতে গেলে ফায়ার লাইসেন্স সহ অন্যান্য নিয়ম মেনে করতে হবে। ওই শপিংমলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন ধরনের অনিয়ম নিয়ে পুরসভা পদক্ষেপ করেছে। শপিংমল কর্তৃপক্ষকে কী কী করতে হবে সে ব্যপারে নির্দেশ দেওয়া হয়েছে। দমকল এখনও কেন প্রয়োজনীয় পদক্ষেপ করেনি তা বিস্ময়কর। পুরসভা চুপ করে বসে থাকবে না। এই অবস্থায় যদি ওই শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় তাহলে পুরসভাকে তার জবাবদিহি করতে হবে। সেই জায়গা থেকে পুরসভা ওই শপিংমলের অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে।
শিলিগুড়ি দমকল কেন্দ্রের অফিসার ইনচার্জ ভাস্কর নাগ বলেন, আমাদের তরফ থেকে ওই শপিংমলকে বারবার নোটিস দেওয়া হয়েছে। প্রথমে তারা এবিষয়ে কর্ণপাত করেনি। অবশেষে তারা লিখিতভাবে জানিয়েছে সেখানকার ব্যবসায়ীরা মিলে একটি কমিটি গঠন করে ফায়ার লাইসেন্স নবীকরণের জন্য ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী আমরা কোনও চালু ব্যবসা বন্ধ করতে পারি না। বারবার বুঝিয়ে, চাপ দিয়ে ফায়ার লাইসেন্স নবীকরণ করা তথা অগ্নিনির্বাপণ ব্যবস্থা সুনিশ্চিত করার ব্যাপারে রাজি করাতে হবে। সেই মতোই আমরা কাজ করছি।