নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: কালীপুজোর রাতে রিষড়া পুরসভার এক আধিকারিককে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় রীতিমতো উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গুলি ওই আধিকারিকের গায়ে না লাগলেও আতঙ্কের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। রাতে তাঁর বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ। রাতেই অসিতাভ গঙ্গোপাধ্যায় নামে ওই আধিকারিক সমস্ত বিষয় পুলিশকে জানান। রিষড়া থানার পুলিশ সোমবার সকালে দুই যুবককে আটক করেছে। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অসিতাভবাবুর দাবি, কিছু যুবক স্থানীয় এলাকায় সাট্টা-জুয়া ও মদের ঠেক চালায়। কালীপুজোর রাতে সেখানে পুলিশ অভিযান চালিয়েছিল। তিনিই পুলিশকে খবর দিয়েছেন, এই সন্দেহ থেকেই হামলা চালানো হয়েছে। প্রসঙ্গত, অসিতাভবাবু শুধু পুরসভার আধিকারিক নন, তিনি এলাকার বিশিষ্ট মানুষ হিসাবে পরিচিত। একাধিক স্থানীয় নাগরিক সংগঠনের সঙ্গে তাঁর যোগ আছে। পাশাপাশি রিষড়ার জগদ্ধাত্রী পুজোর তিনি অন্যতম উদ্যোক্তা। ফলে, তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি ও হামলার ঘটনাকে ঘিরে নাগরিক মহলে ক্ষোভ তৈরি হয়েছে। সোমবার দুপুরে রীতিমতো অসুস্থ ছিলেন ওই আধিকারিক। তিনি বলেন, আমি রাত আড়াইটে নাগাদ বারান্দায় দাঁড়িয়েছিলাম। তখনই আমাকে লক্ষ্য করে গুলি করা হয়। কোনোমতে বেঁচে গিয়েছি। তারপর দুষ্কৃতীরা বাড়িতে হামলা চালায়, ভাঙচুর করে। আমি কয়েকজনকে চিনতে পেরেছি। পুলিশকে তাদের কথা বলেছি। বহু বছর রিষড়ায় বাস করছি। এমন ঘটনার মুখোমুখি কখনও হতে হয়নি। আমি অসুস্থ হয়ে পড়েছি।
স্থানীয় বাসিন্দা তথা আইনজীবী সমীরণ বসু বলেন, খুবই উদ্বেগজনক ঘটনা। আশা করব, পুলিশ কঠোর পদক্ষেপ করবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রিষড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের নবীনপল্লি এলাকায় থাকেন অসিতাভবাবু। মধ্য পঞ্চাশের ওই পুর-আধিকারিক পুরসভা এলাকায় পরিচিত মুখ। নাগরিক মহলের সঙ্গে তাঁর সুসম্পর্ক আছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে বাড়ির সামনে হট্টগোল শুনে অসিতাভবাবু বারান্দায় গিয়েছিলেন। তখনই তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। দ্রুত তিনি ঘরের ভিতরে চলে আসেন। বাড়িতে ঢুকে তাণ্ডবের পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনাকে ঘিরে নাগরিক মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।



