Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাবিত্রীর বাড়ির কাছে শ্যুটআউট জখম এক, রাতে পুলিসের জালে মূল অভিযুক্ত

সাবিত্রীর বাড়ির কাছে শ্যুটআউট জখম এক, রাতে পুলিসের জালে মূল অভিযুক্ত
  • ১৭ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: আতঙ্ক ফিরে এল মালদহে। এবার শ্যুটআউট ইংলিশবাজারে। ক্রিকেট বেটিং নিয়ে দু’পক্ষের বচসা থেকে হাতাহাতির পর গুলি চালাল একপক্ষ। বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে লক্ষ্যভ্রষ্ট হওয়া গুলিতে জখম হয়েছেন এক স্থানীয় বাসিন্দা। সকালে পুলিস একজনকে আটক করে। এদিন রাতে মূল অভিযুক্ত উত্তম মণ্ডলকেও গ্রেপ্তার করা হয়। 

Advertisement

ঘটনাস্থল থেকে কিছু দূরেই মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ি। এই ঘটনা প্রসঙ্গে বিধায়কের মন্তব্য, এখন হাতে হাতে পিস্তল। কোথা থেকে কীভাবে এতো অস্ত্র আসছে, পুলিসকে তদন্ত করে দেখতে হবে। 
 পুলিস সুপার প্রদীপ যাদব জানিয়েছেন,শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পুরাটুলি হঠাৎ কলোনিতে। রাতে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে বচসা হয়। ক্রিকেট বেটিং থেকে শুরু করে অন্যান্য বেআইনি আর্থিক লেনদেন নিয়ে গত দু’মাস তাদের মধ্যে ঝামেলা চলছিল। শনিবার রাতে উত্তম ও তনুজ নামে দুই যুবকের মধ্যে হাতাহাতি  হয়। অভিযোগ, উত্তম ঘটনাস্থল থেকে চলে গিয়ে কিছুক্ষণের মধ্যে শুভকে নিয়ে একটি আগ্নেয়াস্ত্র সহ ফিরে আসে। এদিকে বাড়িতে দিদির শ্বশুরবাড়ি থেকে আত্মীয় আসায় সেই সময় বাজার করতে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বিপ্লব ঘোষ। পথে ঝামেলা দেখে তিনি কারণ জানতে চান। সেই সময় তনুজকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চলে। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। অন্যটি বিপ্লবের বাঁ হাত এফোঁড়ওফোঁড় করে দেয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বিপ্লব। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। গুলিবিদ্ধ বিপ্লব বলেন, ওরা মদ্যপ অবস্থায় ছিল। বহিরাগত কয়েকজনকে দেখেছি। আচমকা দু’রাউন্ড গুলি চলে। একটি গুলি আমার বাঁ হাতে লেগে বেরিয়ে গিয়েছে। হাত ভেঙেছে। অস্ত্রোপচার করে প্লেট বসাতে হবে। 
পুলিস সুপার জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিল শ্যুটআউট কাণ্ডে মূল অভিযুক্ত উত্তম। এদিন রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। শুভকে আটক করেছে ইংলিশবাজার থানা। তার কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিস। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। 
মাস তিনেক আগেই ইংলিশবাজার শহরেই নিজের বাড়ির সামনে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন দাপুটে তৃণমূল নেতা বাবলা সরকার। এই ঘটনার ১২ দিনের মধ্যেই কালিয়াচকে দুষ্কৃতীদের গুলিতে এক তৃণমূল কর্মী নিহত ও এক নেতা জখম হন। বছরের শুরুতেই মালদহে একের পর এক গুলিকাণ্ডে প্রশ্ন উঠছে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, গুলি চলেছে। নির্দিষ্ট ধারায় মামলার পর একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তম সহ আরও কয়েকজনের নামে অভিযোগ দায়ের হয়েছে।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ