কালীপুজোর রাতে সরশুনায় গুলি, গ্রেপ্তার মূল অভিযুক্ত
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাদের মণ্ডপ ও কালী প্রতিমা ভালো, কাদের পুজো বেশি দর্শক টানছে, এ নিয়ে দুই কমিটির সদস্যদের মধ্যে বিবাদ থেকে গুলি চলল সরশুনায়। কালীরাতে এই ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যদিও ওই গুলি কারও গায়ে লাগেনি। ঘটনাস্থল থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করেছে সরশুনা থানার পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত রাজ পালকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। যদিও আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার হয়নি। সে কোথা থেকে অস্ত্র পেয়েছে, তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সরশুনা এলাকার রক্ষিতপাড়ায় দু’টি কালীপুজো হয়। একটির মাথায় রয়েছে রাজ। অন্যটির দায়িত্বে দীনেশ শর্মা। একে অপরকে টেক্কা দেওয়ার পাশাপাশি নিজেদের পুজোকে জনপ্রিয় করতে মরিয়া দু’পক্ষই। পুজোর রাতে রাজ সঙ্গীদের সঙ্গে মদ্যপান করে হাজির হয় মণ্ডপে। অন্যদিকে দীনেশ নিজের মণ্ডপেই সন্ধ্যা থেকে হাজির ছিলেন। সেই সময় পুজো নিয়ে ঝামেলায় জড়িয়ে পড়ে রাজ ও দীনেশ। এর মধ্যেই আগ্নেয়াস্ত্র বের করে দু’রাউন্ড গুলি ছোড়ে রাজ। গুলির আওয়াজ শুনে মণ্ডপে উপস্থিত স্থানীয়রা আতঙ্কে পড়িমড়ি করে দৌড় লাগান। গোটা ঘটনায় দীনেশ থতমত খেয়ে যান। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। সরশুনা থানার পুলিশ এসে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল থেকে একটি ফাঁকা কার্তুজের খোল উদ্ধার করে। গুলি চালানো ও বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে মামলা রুজু করে পুলিশ রাতেই রাজকে গ্রেপ্তার করে। অভিযুক্ত জেরায় জানায়, দীনেশকে ভয় দেখাতেই সে গুলি চালিয়েছে। জানা গিয়েছে, রাজের বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, মারপিট সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এই অস্ত্র সে কোথা থেকে পেয়েছে, জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Advertisement