Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মোবাইল টাওয়ারে উঠে ‘শোলে’ সিনেমার ডায়ালগ, খড়গ্রামে নেশাগ্রস্ত যুবকের কীর্তিতে চাঞ্চল্য

মোবাইল টাওয়ারে উঠে ‘শোলে’ সিনেমার ডায়ালগ, খড়গ্রামে নেশাগ্রস্ত যুবকের কীর্তিতে চাঞ্চল্য
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: ঘড়ির কাঁটায় তখন বেলা ১১টা। গ্রামের মানুষ যে যার কাজে ব্যস্ত, ঠিক তখনই দেখা গেল এক আজব দৃশ্য। মাঠের একটি মোবাইল টাওয়ারে উঠে পড়েছে নেশাগ্রস্ত এক যুবক। তা দেখে গ্রামের লোকজন কাজকর্ম ফেলে সেই মোবাইল টাওয়ারের নীচে ভিড় জমালেন। জানা গেল, নেশাগ্রস্ত ওই যুবক গ্রামেরই এক পরিবারের জামাই। উপর থেকে তখন সে চীৎকার করে বলছে, ‘বসন্তী কো লে আও’। আবার কখনও বলে উঠছে ‘জয় শ্রীরাম’। মঙ্গলবার সকালে খড়গ্রাম থানার মহিষাড় পঞ্চায়েতের বরার গ্রামে এমন ঘটনায় শোরগোল পড়ে যায়। বেশ কিছুক্ষণ চেঁচামেচি করার পর স্থানীয় এক প্রৌঢ়ের ধমক খেয়ে নীচে নেমেই পগারপাড় ওই যুবক। স্বস্তির নিঃশ্বাস ফেলেন গ্রামবাসীরা। খড়গ্রাম থানার পুলিস জানিয়েছে, ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় এমন কাজ করেছে। তবে টাওয়ার থেকে নেমেই সে উধাও হয়ে গিয়েছে।

Advertisement

গ্রামের বাসিন্দারা জানান, ওই যুবকের বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। পেশায় পরিযায়ী শ্রমিকের শ্বশুরবাড়ি বরার গ্রামে। কয়েকবছর আগেই এই গ্রামে তিনি বিয়ে করেছেন। মাঝেমধ্যেই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি আসেন। কয়েকদিন কাটিয়ে চলে যান। কখনও স্ত্রীকে সঙ্গে নিয়ে যান, আবার কখনও তাঁকে রেখে যান। কয়েকদিন আগেই তিনি ফের গ্রামে এসেছিলেন। এলাকার বাসিন্দা তপন ঘোষ বলেন, জামাই কিছুটা পাগলা টাইপের। তবে ওঁকে নিয়ে বেশ মজা হয়। রোজ নেশা করা ওঁর অভ্যেস। আর নেশা করলেই নিজেকে রাজা ভেবে বসেন।
জানা গিয়েছে, এদিনও ওই যুবক নেশা করেছিল। তারপর কখন যে সে মোবাইল টাওয়ারে উঠে পড়ে, তা কেউ জানতে পারেননি। সকাল ১১টার দিকে তার চেঁচামেচি শুনে ওই টাওয়ারের নীচে জড়ো হন স্থানীয়রা। এলাকার বাসিন্দা শ্যামল ঘোষ, হীরু ঘোষ বলেন, টাওয়ারের একেবারে উপরের অংশে উঠে দাঁড়িয়ে গ্রামের জামাই প্রথমে ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করছিল। তা দেখে কিছু লোক জড়ো হয়ে যান। এরপরই তাঁদের শুনিয়ে শোলে সিনেমার ডায়ালগ বলতে থাকে সে। স্থানীয় সুফল ঘোষ বলেন, টাওয়ারে উঠে ও বলছিল, ‘তুম লোগ মেরে বসন্তি কো লে আও। নেহি তো হাম জান দে দেঙ্গে’। এক-দু’বার নাচতে নাচতে টাওয়ার থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টাও করেছিল।
এরপরই যুবকের শ্বশুরবাড়ির লোকজন সেখানে ছুটে আসেন। তাঁকে নীচে নামার অনুরোধ করা হয়। সেইসঙ্গে পুলিসের ভয়ও দেখান তাঁরা। তাতেও না নামায় ওই পরিবারের পড়শিরা ওই যুবককে বকাবকি করতে থাকেন। এক প্রৌঢ় তাকে গালমন্দ করে বলেন, উপর থেকে নীচে নামলেই বেধড়ক পেটাবেন। তাই সে যেন উপরেই থাকে। এই কথা শুনেই রেগে যায় জামাই বাবাজি। মারমুখী হয়ে নীচে নেমে আসে সে। কিন্তু নেমেই দে দৌড়।
ওই যুবকের শ্বশুর বলেন, জামাই মাঝেমধ্যে আসে। তবে নেশা করলেই এরকম আচরণ করে। এর আগেও এমন ঘটনা কয়েকবার ঘটিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ