নয়াদিল্লি: আগুন নিয়ে খেললে এমনই হয়! এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলা নিয়ে কম নাটক তিনি করেননি। বাংলাদেশকে মগডালে তুলে মই কেড়ে নেওয়ার কাজটা নিপুণভাবে করেছিলেন নাকভি। শেষ পর্যন্ত অর্থের প্রলোভন এবং শাস্তির ভয়ে পিছু হটতে বাধ্য হন। তবে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এমন ভরাডুবি যে হবে, তিনি ভাবতেই পারেননি। সপারিষদ কলম্বোয় গিয়েছিলেন ম্যাচ দেখতে। পাকিস্তানের ব্যাটিংয়ে ধস নামতেই চুপি চুপি মাঠ ছাড়েন পিসিবি চেয়ারম্যান। সত্যিই, কীভাবে বা মুখ দেখাবেন। প্রতিপক্ষ দলের কাছে গো-হারা হেরে মাথা হেঁট তো হলই, এবার দেশেও বিক্ষোভের মুখে পিসিবি চেয়ারম্যান। পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার রীতিমতো গোলা ছুড়েছেন। তাঁর কথায়, ‘উনি অযোগ্য, অশিক্ষিত। পিসিবি চেয়ারম্যান হিসেবে ওনার কাজ কী, সেটাই জানেন না। শুধু মুখে বড় বড় কথা। কয়েকজনকে তারকা বানিয়েছেন, যাঁরা একটা ম্যাচও জেতাতে পারে না, ১০ ওভার বল করতে পারে না। নাকভির জন্যই পাকিস্তান ক্রিকেটের এই বেহাল দশা।’



