Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শূন্যে তুলে আছাড় হাতির, খেরকাটার জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়ে মৃত্যু মহিলার

শূন্যে তুলে আছাড় হাতির, খেরকাটার জঙ্গলে কাঠ সংগ্রহে গিয়ে মৃত্যু মহিলার
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, নাগরাকাটা: বনে ঢোকার খেসারত দিতে হল প্রাণ খুঁইয়ে। হাতির সামনে পড়ে ফের মৃত্যু হল এক মহিলার। শনিবার নাগরাকাটার খেরকাটা জঙ্গলে ঘটনাটি ঘটে। তিনি জ্বালানির জন্য কাঠ সংগ্রহ করতে জঙ্গলে ঢুকেছিলেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম রতিয়া ওরাওঁ (৫২)। তাঁর বাড়ি নাগরাকাটা ব্লকের দুই নম্বর আংরাভাসা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধূমপাড়ায়।
Advertisement
এদিন সকাল দশটা নাগাদ অন্য মহিলাদের সঙ্গে রতিয়া খেরকাটা জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান। হঠাৎ একটি হাতি তাঁদের সামনে চলে আসে। সকলে পালিয়ে গেলেও রতিয়া পালাতে পারেনি। হাতিটি তাঁকে ধরে শূন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রতিয়ার। এরপরই ডায়না রেঞ্জের বনকর্মীরা বানারহাট থানার পুলিসকে নিয়ে বনে যায়। সেখান থেকে দেহ উদ্ধার করে আনে। 
জঙ্গলের ভিতরে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে আগেও অনেকে প্রাণ হারিয়েছেন। নাগরাকাটার জলঢাকা জঙ্গল, গোরুমারা জঙ্গলের ভিতরে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন মারা গিয়েছেন। বানারহাটের তোতাপাড়া, মোরাঘাট, মেটেলি ব্লকের চাপরামারি জঙ্গল, মাল ও ক্রান্তি ব্লকের আপালচাঁদ জঙ্গলেও কাঠ সংগ্রহ করতে গিয়ে বহু মহিলার মৃত্যু হয়েছে। 
জঙ্গলে ঢুকতে বারণ করে বনদপ্তর। সে নিয়ে মাঝেমধ্যেই প্রচার চালানো হয়।  বনবস্তিবাসীকে নিয়ে শিবির করা হয়। জঙ্গলের ভিতর যাতে কেউ ঢুকে না পরেন, তা বোঝানো হয়। মাইকিং করে সকলকে সতর্ক করা হয়। কিন্তু এতকিছুর পর সাধারণ মানুষ যে সচেতন হননি, এদিনের ঘটনাই তার প্রমাণ।
ডায়নার রেঞ্জার অশেষ পাল বলেন, আমরা তিনদিন আগেও ওই এলাকায় সচেতনতামূলক শিবির করে সকলকে সতর্ক করেছিলাম। এরপরও অনেকে  জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে ঢুকে যাচ্ছেন। বাসিন্দাদের কাছে আবারও আবেদন, জঙ্গলে হাতি আছে। কেউ জ্বালানি কাঠ সংগ্রহ করতে জঙ্গলে প্রবেশ করবেন না।
সম্পর্কিত সংবাদ