নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: নদীয়ার শান্তিপুরে ঘোড়ালিয়া এলাকায় এক দোকানে অগ্নিকাণ্ড। বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকে আগুন লাগে দোকানে। জানা গিয়েছে, আনুমানিক রাত তিনটে নাগাদ আগুন লাগে ব্যবসায়ী কালাচাঁদ দাসের দোকানে। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে দোকান। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন চারিদিকে ছড়ানোর আগেই নিভিয়ে ফেলা হয়। এলাকায় বেশ কয়েকজন আগুন দেখে ডাকাডাকি শুরু করেন দোকানদার কালাচাঁদবাবুকে। দোকানের পাশেই তাঁর বাড়ি। আনুমানিক এক লক্ষ টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসায়ীর দাবি।



