নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পরিত্যক্ত বাড়ির ছাদে থাকা পাটকাঠির গাদায় অগ্নিকাণ্ড। শুক্রবার ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় শান্তিপুর থানা এলাকার সুত্রাগড় মানিক নগরপাড়া এলাকায়। তবে আগুন নেভাতে দমকলকে ডাকতে হয়নি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাতেই দ্রুত আগুন নিয়ন্ত্রণ চলে আসে।
Advertisement
জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎ পাটকাঠির গাদায় আগুন ধরে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে। হাওয়ায় উড়ে জ্বলন্ত কাঠির অংশ ছিটকে পড়তে থাকে আশপাশে। তাতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে নেমে পড়েন। বালতি দিয়ে জল ঢেলে সেই আগুন নেভানো হয়। সময়মতো আগুন নিয়ন্ত্রণে এসে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচেন আশপাশের বাড়ির বাসিন্দারা। কিন্তু ওখানে কে আগুন ধরাল? স্থানীয়দের দাবি, পরিত্যক্ত ওই বাড়ির ছাদে নেশাড়ুদের আসর বসে। তাদের মধ্যে কেউ আগুন ধরিয়ে থাকতে পারে।



