Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে কং পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

শান্তিপুরে কং পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
  • ৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে মধ্যরাতে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনায় শুক্রবার গভীর রাতে শান্তিপুরে চাঞ্চল্য ছড়ায়। ওই থানার হরিপুর পঞ্চায়েতের কংগ্রেস সদস্য কালিদাস বিশ্বাসের বাড়িতে বোমাবাজি হয়। বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন থানায়। বোমাবাজির পর থেকেই আতঙ্কে রয়েছেন ওই পঞ্চায়েত সদস্যের গোটা পরিবার। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে হরিপুর পঞ্চায়েতের একটি আসনে জয়ী হয় কংগ্রেস। পঞ্চায়েত সদস্য কালিদাস বিশ্বাস এলাকার বিরোধী রাজনীতির অন্যতম মুখ। অভিযোগ, তাঁর বাড়ি লক্ষ্য করে শনিবার গভীর রাতে পর পর চারটি বোমা ছোড়া হয়। তারমধ্যে দু’টি ফাটলেও বাকি দু’টি ফাটেনি। কে বা কারা ওই পঞ্চায়েত সদস্যের বাড়ির লক্ষ্য করে বোমা ছুঁড়ল, বিষয়টি এখনও স্পষ্ট নয়। বোমাবাজির কারণও পরিষ্কার হয়নি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিস। তারা বাড়ির উঠোন থেকে দু’টি বোমা উদ্ধার করে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানা। যদিও এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিস। 
ওই পঞ্চায়েত সদস্যের পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে অন্তঃসত্ত্বা মহিলা রয়েছে। এই অবস্থায় শনিবার গভীর রাতে হঠাৎ তাঁর বাড়ির লক্ষ্য করে বোমাবাজি হয়। স্বাভাবিকভাবেই গোটা পরিবারটি নিরাপত্তার অভাবে ভুগছে। ওই কংগ্রেস সদস্য বলেন, আমি নিজে কাউকে চোখে দেখিনি। ফলে সেইভাবে কাউকে সন্দেহ করতে পারছি না। তবে যেই ঘর লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে, তার ঠিক পাশেই আমার বৃদ্ধ বাবা-মা থাকেন। সামান্য একটু এদিক ওদিক হলে তাদের অনেক ক্ষতি হতে পারত। আমি চাই তদন্ত করে গোটা বিষয়টি দেখা হোক।
সম্পর্কিত সংবাদ