Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিপুরে জমি বিবাদে শরিকী সংঘর্ষে ধৃত ৪

শান্তিপুরে জমি বিবাদে শরিকী সংঘর্ষে ধৃত ৪
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে দুই শরিক পক্ষের বচসা বদলে গেল হাতাহাতিতে। মারামারির মাঝে একপক্ষ অন্যের শরীরে ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। ফলে গুরুতর জখমদের ভর্তি করা হয় শান্তিপুর হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমে দু’পক্ষের ৪ জনকে গ্রেপ্তার করেছে শান্তিপুর থানায় পুলিস। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার গয়েশপুর পঞ্চায়েত এলাকায়। জমি নিয়ে বিবাদে সুজিত ধাড়ার সঙ্গে অশান্তি বাধে কাদন ধাড়ার। সুজিতের অভিযোগ, চাষের জমিতে জল দিতে মাঠে গিয়েছিলেন তিনি। সেই সময় কাদন হঠাৎ লোকজন নিয়ে হামলা চালায় তাঁর উপর। লাঠি আর ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি মারধর শুরু করেন অপর পক্ষ। মারধর করার ফলে, মাথা ফেটে ৪টি সেলাই পড়ে তাঁর মাথায়। বিষয়টি নিয়ে আহতের দাদা খোকন ধাড়া বলেন, বিজেপির এক পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে এই হামলা হয়েছে। তাঁরই নিয়ে আসা দুষ্কৃতীদের সহযোগিতায় হামলা চালানো হয়েছে সুজিতের উপর। 
Advertisement
অন্যদিকে, গণ্ডগোলের দ্বিতীয় পক্ষ কাদন ধাড়ার পাল্টা অভিযোগ, তিনি নন, উল্টে সুজিত তাঁকে বাড়িতে এসে মেরেছে। এমনকী বাঁচাতে গেলে তার পরিবারের লোকজনকেও মারধর করে সুজিত। তাঁর নিজের হাতেই সেই মারধরের ফলে ৪টি এবং মাথায় ৩টি সেলাই পড়েছে। কাদন বলেন, আমি ভাটায় কাজ করি। ঝামেলা শুনে আমি তড়িঘড়ি বাড়ি ফিরছিলাম। সেই সময় হঠাৎ সুজিত বেশ কিছু লোকজন নিয়ে এসে তাঁকে ঘিরে ধরেন। কিছু বুঝে ওঠার আগেই মারধর শুরু করে। এদিকে, দু’পক্ষের এই মারামারির ফলে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। স্থানীয়দের উদ্যোগে আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শান্তিপুর হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা।
সম্পর্কিত সংবাদ