নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: গঙ্গায় নেমে তলিয়ে গেল দুই বালক। স্নান করা ও প্রতিমার কাঠামো সংগ্রহের উদ্দেশ্যে তারা নদীতে নেমেছিল। শনিবার দুপুরে শান্তিপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের গান্ধীঘাটে এঘটনা ঘটে। জনসমক্ষে দুই বালক তলিয়ে যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত লাগাতার গঙ্গায় তল্লাশি চালানো হলেও কাউকে উদ্ধার করা যায়নি।
Advertisement
পুলিস জানিয়েছে, শনিবার দুপুর ১টা নাগাদ সোহম কংসবণিক(১২) ও রাজদীপ দাস(১৪) নামে ওই দুই বালক গান্ধী ঘাটে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, দু’জন গঙ্গায় স্নানে নেমে বালি নিয়ে খেলা করছিল। কিছুক্ষণ পর হঠাৎ তলিয়ে যেতে শুরু করে। সঙ্গে সঙ্গে ঘাটে থাকা অন্য লোকজন চেঁচামেচি শুরু করেন। সেই আওয়াজে আশপাশ থেকে বহু মানুষ আসেন। সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপ দিয়ে খোঁজাখুঁজি শুরু হলেও তাদের পাওয়া যায়নি। পরে শান্তিপুর থানায় খবর দেওয়া হয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। কিন্তু সন্ধ্যা পর্যন্ত দু’জনের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। পুলিস জানিয়েছে, নিখোঁজ দু’জনই কাঁসারিপাড়ার বাসিন্দা। ছোট ছেলেরা গঙ্গায় তলিয়ে যাওয়ার ঘটনায় উভয় পরিবারই শোকস্তব্ধ।



