নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচা গলা দেহ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকার ফুলিয়ায়। মধ্যবয়স্ক ওই মৃত ব্যক্তির নাম রতন দাস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফুলিয়া ফাঁড়ির পুলিস। তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগে ওই বাড়িতেই থাকত তাঁর স্ত্রী এবং পুত্র। কিন্তু পরবর্তীকালে তারা রতনবাবুকে ছেড়ে চলে যায়। পেট চালানোর জন্য ভিক্ষাবৃত্তি করেই অর্থ উপার্জন করতেন রতনবাবু। সম্প্রতি তিনি রোগে আক্রান্ত হয়ে ফুলিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বাড়িতে ফিরে এলেও তাকে আর দেখা যায়নি। মঙ্গলবার তাঁর বাড়ির আশপাশ থেকে পচা গন্ধ পেয়ে সন্দেহ হয় প্রতিবেশীদের। সঙ্গে সঙ্গে তাঁরা ফুলিয়া ফাঁড়িতে খবর দেন। পুলিস দরজা ভেঙে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে।



