নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: বর্ষবরণের রাতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন দম্পতি। মঙ্গলবার রাতে শান্তিপুরের ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুরনো শত্রুতার জেরে ওই দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। তাঁদের জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এনিয়ে থানায় অভিযোগ দায়ের হয়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানা এলাকার স্টেডিয়াম পাড়ার বাসিন্দা রবি দেবনাথ পেশায় হোটেলের রাঁধুনি। মঙ্গলবার সেই হোটেল থেকেই রান্নার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, গভীর রাতে রামকৃষ্ণ কলোনির এক প্রোমোটার দলবল নিয়ে তাঁর পথ আটকায়। আক্রান্ত রবিবাবুর অভিযোগ, ধারালো অস্ত্র এবং লাঠি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালায়। কোনওভাবে পালিয়ে সেখান থেকে তিনি প্রাণে রক্ষা পান। কিন্তু, দুষ্কৃতীরা বাড়িতে এসেও চড়াও হয়। তাঁকে বাঁচাতে গিয়ে স্ত্রী আক্রান্ত হয়। পরে তাঁদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা বেরিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। স্থানীয় বাসিন্দারাই ওই দম্পতিকে উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে রবিবাবুর মুখে পাঁচটি সেলাই পড়ে। হাতে তাঁর গুরুতর আঘাত লেগেছে। তাঁর স্ত্রী মাম্পি দেবনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু, কেন আচমকা এই হামলা? ঘটনার পিছনে পুরনো শত্রুতা রয়েছে বলে খবর। রবিবাবু বলেন, ওরা শান্তিপুরের বিভিন্ন জায়গায় প্রোমোটারি করে বেড়ায়। আমাদের পাড়াতেও এক জায়গায় প্রোমোটারির কাজ করছিল। কিছু সমস্যার কারণে আমরা বাধা দিয়েছিলাম। সেই জন্য আমাদের উপর রাগ। স্টেডিয়ামপাড়া মাঠের কাছ দিয়ে যখন আমি আসছিলাম তখন আমাকে মারধর করে। তারপর বাড়ি এসে বউকেও মারধর করে। পুলিস জানিয়েছে, ঘটনাটি ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আক্রান্ত দম্পতির সঙ্গে কথা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।



