Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সংলগ্ন দখল হওয়া জমি পুনরুদ্ধার করে পিলার বনদপ্তরের

শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সংলগ্ন দখল হওয়া জমি পুনরুদ্ধার করে পিলার বনদপ্তরের
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: অবশেষে পিলার পুঁতে সীমানা নির্ধারণের কাজ শুরু করল বনদপ্তর। সোমবার বনদপ্তরের জেলা ও মহকুমা আধিকারিকদের উপস্থিতিতে সীমানা ঘিরে নিজেদের এলাকা সংরক্ষিত করল বনদপ্তর। খোয়াই সংলগ্ন সোনাঝুরি হাট জনপ্রিয় হতেই ওই এলাকায় একের পর এক হোটেল, রিসর্ট, হোম-স্টে গজিয়ে উঠেছে। অভিযোগ, তাদের একাংশ বনদপ্তরের জমি অবৈধভাবে দখল করে রেখেছিল। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে বনদপ্তর। এরপর মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জরিপের কাজ শুরু করে বনদপ্তর। সেই কাজ শেষ হওয়ার পর এদিন বিস্তীর্ণ জায়গাজুড়ে সীমানা ঘেরার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জ অফিসার জ্যোতিষ বর্মন।
Advertisement
সরকারি জমি জবরদখল করে রাখার ঘটনা এরাজ্য নতুন নয়। বোলপুর পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার ফুটপাত দীর্ঘদিন দখল হয়ে ছিল। এছাড়া বনদপ্তর ও সেচদপ্তরের প্রচুর জমি সরকারের নজর এড়িয়ে দখল হচ্ছিল। এমতাবস্থায় রাজ্যের নানা প্রান্তে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করতে গিয়ে বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে। এরপর জুন মাসে পুরসভা ভিত্তিক ফুটপাত থেকে জবরদখল সরানোর প্রক্রিয়া শুরু হয়। বন ও সেচদপ্তরও নিজেদের জমি উদ্ধারে কোমর বেঁধে নামে। কারণ শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাট সংলগ্ন সংশ্লিষ্ট দুই দপ্তরের বহু সরকারি খাসজমি রয়েছে। অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা ওই জমি বিক্রি করছিল। পাশাপাশি, খোয়াই হাটের জনপ্রিয়তার সুযোগে সংশ্লিষ্ট এলাকায় ব্যাঙের ছাতার মতো রিসর্ট, হোটেল ও হোম-স্টে গজিয়ে উঠছিল। তাদের একাংশ বল্লভপুর অভয়ারণ্যের জমি দখল করে রেখেছে, এই খবর কানে আসতেই তৎপর হয় বনদপ্তর। গত জুলাই মাসে দু’টি রিসর্ট সহ ছ’টি বাড়িকে বৈধ নথি চেয়ে পাঠিয়ে নোটিস ধরানো হয়। একইভাবে সেচদপ্তরও নিজেদের সীমানা নির্ধারণের জন্য ওই সময়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরকে আর্জি জানায়। সেই কাগজপত্র দেখে সন্তুষ্ট না হওয়ায় রিসর্ট ও বাড়িগুলির জমির মাপজোক করার সিদ্ধান্ত নেন রেঞ্জ অফিসার। সেই কাজে এগিয়ে আসে মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। মাপজোকের কাজ সম্পূর্ণ হওয়ার পর এদিন বনাধিকারিকদের উপস্থিতিতে জমির সীমানায় পিলার পুঁতে নিজেদের জায়গা চিহ্নিত করল বনদপ্তর। রেঞ্জ অফিসার জ্যোতিষ বর্মন বলেন, সরকারি জমি দখল হওয়ার বিষয়টি জানতে পেরে ভূমিদপ্তরকে নিয়ে যৌথভাবে জরিপের কাজ শুরু হয়। সম্প্রতি সেই কাজ শেষ হয়। এরপর এদিন এডিএফও সোমনাথ চৌধুরীর উপস্থিতিতে পিলার পুঁতে সীমানা নির্ধারণের কাজ শুরু হয়েছে। তা সম্পূর্ণ হলে বনদপ্তরের জমি তারকাঁটার বেড়াজাল ঘিরে দেওয়া হবে। এতে বনদপ্তরের জমি আগের মতোই সংরক্ষিত থাকবে।-নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ