সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতন পৌষমেলায় টোটো চালকদের দৌরাত্ম্য রুখতে একাধিক পরিকল্পনা নিল বোলপুর পুরসভা, পুলিস ও প্রশাসন। মেলা চলাকালীন যানজট এড়াতে টোটো চালকদের রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি, টোটো চালকদের সঙ্গে বৈঠক করে তাঁদের ভাড়াও বেঁধে দিয়েছে পুরসভা। মেলা চলাকালীন প্রতি কিলোমিটারে জনপ্রতি ১০ টাকা নেওয়ার কথা ঘোষণা করেছেন পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ। বৈঠকে টোটো চালকরা তাতে সম্মতি দেওয়ায় সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে বোলপুর মহকুমা প্রশাসন। এমনকী, টোটো স্ট্যান্ডগুলির পাশাপাশি মেলা প্রাঙ্গণের বিভিন্ন প্রান্তে দূরত্ব মাফিক ভাড়ার রেট চার্ট টাঙানোর কথাও জানিয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ। এরপরেও ভাড়া নিয়ে পর্যটক ও স্থানীয়দের সঙ্গে প্রতারণা করলে অভিযুক্ত টোটো চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। চালকরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করলে অভিযোগ জানানোর জন্য মেলা চলাকালীন বিশেষ নম্বরও চালু থাকবে। এছাড়া আগত পর্যটকরা কোনও সমস্যায় পড়লে দু’টি বিশেষ টোল-ফ্রি নম্বরও চালু করা হবে বলে পুলিসের এক আধিকারিক জানিয়েছেন।
Advertisement
পৌষ উৎসব ও মেলা বিশ্বভারতীর অন্যতম ঐতিহ্যবাহী অনুষ্ঠান। যা দেখতে রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশে নানা প্রান্ত থেকে লক্ষাধিক মানুষের সমাগম হয়। পাঁচ বছর পর বিশ্বভারতী নিজ উদ্যোগে পৌষমেলা আয়োজন করেছে। তবে, সব রকম প্রশাসনিক সহায়তার হাত বাড়িয়েছে বীরভূম জেলা প্রশাসন। পৌষমেলায় টোটো দৌরাত্ম্যের ঘটনা নতুন নয়। এই মুহূর্তে বোলপুর শহরে টোটোর সংখ্যা প্রায় ১০ হাজার। এত বেশি সংখ্যক টোটো হওয়ার কারণে এমনিতেই শহরে যানজট সাধারণ বিষয়। তাই মেলায় দর্শনার্থীদের ভিড় উপচে পড়লে পরিস্থিতি সামলাতে প্রশাসনকে নাকানি-চোবানি খেতে হবে বলাই বাহুল্য। এছাড়া, এই যানজট ও ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে টোটো চালকদের একাংশ চড়া ভাড়া নেন। দর কষাকষি করলে অনেক সময় চালকরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারও করেন। এই প্রসঙ্গে মহকুমা শাসক অয়ন নাথ বলেন, দর্শনার্থীদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে শহরের ভাবমূর্তি ক্ষুন্ন হয়। তাই কোনও অনভিব্রেত ঘটনা যাতে না হয়, সেজন্য দিন কয়েক আগে বোলপুর পুরসভা টোটো চালকদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে প্রতি কিলোমিটারে জনপ্রতি ১০ টাকা ভাড়া নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া মেলার প্রধান রাস্তাগুলিতে টোটো চলাচল এড়াতে তাঁদের আলাদা করে নির্দিষ্ট রুটও করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্থানীয় ও পর্যটকদের সঙ্গে ভাড়া নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সেজন্য শহরের বিভিন্ন প্রান্তে টোটোর রেট চার্ট টাঙানো হবে। তারপরেও যদি চালকদের বিরুদ্ধে অভিযোগ আসে তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও প্রতারণা হলে বিশেষ নম্বর চালু করেছে মহকুমা পুলিস প্রশাসন। ৮০০১৪৯৫০০০ নম্বরে ফোন করলে দর্শনার্থীদের প্রতিকার মিলবে- এমনটাই আশ্বস্ত করেছে পুলিস। এছাড়া, অনভিপ্রেত ঘটনা আটকাতে মেলার মাঠে পুলিসের কন্ট্রোল রুম থাকবে বলে এক পুলিস আধিকারিক জানিয়েছেন। তিনি বলেন আগত মানুষরা কোনও সমস্যায় পড়লে ০৩৪৬৩-২৫২০০৭ এবং ০৩৪৭৩- ২৫২০০৮ এই দু’টি টোল-ফ্রি নম্বর চালু করা হয়েছে। এই নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।



