সংবাদদাতা, শান্তিনিকেতন: মঙ্গলবার রাতে শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকায় একটি ক্লাবের অনুষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘক্ষণ বন্ধ রাখার অভিযোগ উঠল। বিশ্বভারতী ক্যাম্পাসের কাছেই বিকট শব্দে কয়েক ঘণ্টা ধরে তারস্বরে ডিজে বাজতে থাকে। শান্তিনিকেতন থেকে গোয়ালপাড়া, প্রান্তিক, সোনাঝুরি, ফুলডাঙা যাওয়ার প্রধান সড়ক বন্ধ থাকায় দুর্ভোগের শিকার হন অনেকে। সোশ্যাল মিডিয়ায় রাস্তা আটকে রাখার ছবি ও ভিডিও পোস্ট করে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। পর্যটকরাও সমস্যায় পড়েন। ওইদিন সন্ধ্যা থেকেই স্থানীয় ক্লাবের উদ্যোগে শ্যামবাটি বাজারে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান দেখতে ভিড় হওয়ায় রাস্তার দু’দিকে বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়। তার ফলে ওই পথে কোনও গাড়ি যাতায়াত করতে পারেনি। পাশেই একটি সরু গলি দিয়ে যাতায়াত করতে বাধ্য হন সকলে। সেই রাস্তাটি সংকীর্ণ হওয়ার কারণে ব্যাপক যানজট হয়। এভাবে রাস্তা আটকে রাখার অনুমতি কে দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, রাস্তা বন্ধ করা হয়নি। অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষের ভিড় হয়ে যাওয়ায় যানজট এড়াতে ওই পথে গাড়ি যাতায়াত করেনি। শান্তিনিকেতন থানার পুলিস এব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেয়নি।



