Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতন পৌষমেলার জন্য মাঠ পরিদর্শন বিশ্বভারতী কর্মী পরিষদের

শান্তিনিকেতন পৌষমেলার জন্য মাঠ পরিদর্শন বিশ্বভারতী কর্মী পরিষদের
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: শুক্রবার থেকে শুরু হয়ে গেল শান্তিনিকেতন পৌষমেলার প্রস্তুতি। এদিন, বিশ্বভারতীর ইঞ্জিনিয়ারিং বিভাগ, মেলার স্টল ডিস্ট্রিবিউশন কমিটি, বিনোদন ও সংস্কৃতি শাখার সদস্যদের নিয়ে মেলার মাঠ পরিদর্শন করে বিশ্বভারতী কর্মী পরিষদ। এবছর মেলার ছ’দিনই বাউল মঞ্চে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তারমধ্যে প্রথম চারদিন বিশ্বভারতী ও শেষ দু’দিন জেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই বাউল-ফকিরদের আখড়া, তাঁদের খাওয়া-দাওয়া কোথায় হবে, সেই জায়গাগুলি ঘুরে দেখা হয়। এবছর পরিবেশ আদালতের নির্দেশিকাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাই মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত শৌচালয় যাতে থাকে সে বিষয়েও নজর রেখেছে মেলা কমিটি ও জেলা প্রশাসন।  সব ঠিক হলে সোম কিংবা মঙ্গলবার থেকে অনলাইন মাধ্যমে স্টল বুকিংয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন কর্মী পরিষদের যুগ্ম সম্পাদক দেবাশিস রায়।
Advertisement
এবছর নিজ উদ্যোগে পৌষমেলা আয়োজন করার কথা ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে নিরাপত্তা ও প্রশাসনিক সহযোগিতার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছে বিশ্ববিদ্যালয়। এই মর্মে দু’দফায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও জেলাশাসক বিধান রায়ের সঙ্গে বৈঠক করেছে বিশ্বভারতী। সেখানে প্রশাসন আশ্বাস দেওয়ায় বিশ্বভারতী মেলার পুরনো ঐতিহ্যগুলি তুলে ধরতে তৎপর হয়েছে। 
এদিন বেলা ১২টায় বিশ্বভারতী কর্মী পরিষদের যুগ্ম সম্পাদক দেবাশিস রায় সহ মেলার বিভিন্ন কমিটি ও বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা পূর্বপল্লির মাঠ পরিদর্শন করেন।‌ সেখানে দোকানগুলির লে-আউট, অস্থায়ী শৌচাগারের অবস্থান, প্রদর্শনী প্রভৃতি কোথায় করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এবার মেলার কিছু জায়গা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন দেবাশিসবাবু। তিনি বলেন, দর্শনার্থীদের সুবিধার্থে বেশি অস্থায়ী শৌচালয় নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি স্থায়ী শৌচালয়গুলিও সংস্কার করে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। আজ, শনিবার থেকে শুরু হবে মাঠ পরিষ্কারের কাজ। গত বছরের তুলনায় স্টলের সংখ্যা বাড়ানো হবে।‌ এছাড়া, বিনোদন ও সংস্কৃতির পাশাপাশি পৌষমেলার আরেকটি ঐতিহ্যবাহী অংশ আদিবাসী খেলাধুলাকেও বেশি করে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। 
সম্পর্কিত সংবাদ