Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনে পর্যটক ও নারী সুরক্ষায় ‘গ্রিন মোবাইল টিম’ গঠন করল থানা

শান্তিনিকেতনে পর্যটক ও নারী সুরক্ষায় ‘গ্রিন মোবাইল টিম’ গঠন করল থানা
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনে পর্যটক ও নারী সুরক্ষায় আরও একধাপ ইতিবাচক পদক্ষেপ নিল শান্তিনিকেতন থানা। গ্রিন মোবাইল টিম নামের একটি বিশেষ মহিলা সুরক্ষা দল গঠন করল সংশ্লিষ্ট থানা। এর মাধ্যমে ওই মহিলা দল ব্যাটারি চালিত পরিবেশবান্ধব সাইকেলে চড়ে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাবে বলে জানা গিয়েছে। মূলত, মহিলাদের বিরুদ্ধে হওয়া ছিনতাই, শ্লীলতাহানির মতো অপরাধ রুখতে মহিলা দলটি শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে কাজ করবে। এই মহিলা দল গত মাসের ২০ অক্টোবর থেকে এই কাজ শুরু করেছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে। পর্যটক ও নারী সুরক্ষায় পুলিসের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও আগত দর্শনার্থীরা। 
Advertisement
কবিগুরুর স্বপ্নের বিশ্বভারতী শহরের মানকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এছাড়াও গতবছর নভেম্বর মাসে ইউনেস্কোর হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়ার পর থেকে দেশ ও বিদেশের পর্যটন মানচিত্রে শান্তিনিকেতনের নাম আরও উজ্জ্বল হয়েছে। একদিকে পঠন-পাঠনের জন্য দেশ-বিদেশের নানা প্রান্তের ছাত্রছাত্রীরা বিশ্বভারতীতে ভর্তি হন। ‌অন্যদিকে, গুরুদেবের কর্মভূমির পাশাপাশি সোনাঝুরি খোয়াইয়ের হাট, সতীপীঠ কঙ্কালীতলা, কোপাই নদী তীর প্রভৃতি জায়গায় সারা বছর ভিড় করেন বিভিন্ন প্রান্তের পর্যটক। তাই মহিলাদের সুরক্ষার দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনিতেই শান্তিনিকেতন অত্যন্ত নির্জন ও নিরিবিলি। তাই একা চলাচল করার ক্ষেত্রে অনেক সময় শ্লীলতাহানি, ছিনতাই সহ বিভিন্ন ঘটনার শিকার হন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। মহিলা পর্যটকদের ক্ষেত্রেও অতীতে একই ঘটনা ঘটেছে। তাই পর্যটন সহ শহরের গুরুত্বের কথা মাথায় রেখে মহিলাদের সুরক্ষা নিয়ে আপস করতে রাজি নয় জেলা পুলিস প্রশাসন। এই মর্মে ইতিমধ্যেই বোলপুরের অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় সম্প্রতি ট্যুরিজম পুলিসিং ব্যবস্থা শুরু করেছেন। এর জন্য শান্তিনিকেতনের সুবর্ণরেখা মোড় ও খোয়াই হাটে একটি করে ক্যাম্প তৈরি করা হয়েছে। কোনও সমস্যায় পড়লে পর্যটকরা সেখানে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও রয়েছে মহিলাদেরই উইনার্স দল। স্কুটিতে করে তাঁরা শহরের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করে মহিলা সুরক্ষা প্রদান করছেন। সেখানেই না থেমে থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায় এবার গ্রিন মোবাইল টিম নামের মহিলা সুরক্ষা পরিষেবা চালু করলেন। কীভাবে কাজ করবে এই মহিলা দল? এর উত্তরে থানার এক আধিকারিক বলেন ‌১৪ জন মহিলা কনস্টেবলকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ পর্যটন কেন্দ্রগুলিতে দিনভর ঘুরে ঘুরে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর জন্য তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে ব্যাটারি চালিত পরিবেশ বান্ধব সাইকেল। এই দল দুই ভাগে বিভক্ত হয়ে বিভিন্ন জায়গায় টহল দেওয়ায় অপরাধ অনেকটাই কমবে। বিপদে পড়লে পুলিস কন্ট্রোল রুমের ৮০০১৪৯৫০০০ নম্বরে যোগাযোগ করলেও ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যাবে এই প্রমীলা বাহিনী। 
মহিলা সুরক্ষার ক্ষেত্রে পুলিসের এই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক এমনটাই মনে করছেন বিশ্বভারতীর পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনের ছাত্রী কস্তুরী দত্ত, পারমিতা ভট্টাচার্য বলেন, শান্তিনিকেতনের অনেক এলাকা অত্যন্ত নির্জন। ভরদুপুর ও সন্ধ্যেবেলায় একা চলাচল করতে একটু ভয়ই লাগে। গ্রিন মোবাইল টিম এই রাস্তাগুলিতে যেভাবে টহল দিচ্ছে, তাতে আমরা এবার থেকে স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারব। অ্যাডিশনাল এসপি রানা মুখোপাধ্যায় বলেন, শহরের নাগরিক ও আগত পর্যটকরা যাতে সুরক্ষিত থাকেন, সে বিষয়ে জেলা প্রশাসন সদা তৎপর। তবে গ্রিন মোবাইল টিম চালু হওয়ায় মহিলাদের নিরাপত্তা আরও জোরদার হবে বলে আমি নিশ্চিত।
সম্পর্কিত সংবাদ