Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শান্তিনিকেতনে পুলিসি অভিযান, দশটি মোষ আটক, গ্রেপ্তার ২ জন

শান্তিনিকেতনে পুলিসি অভিযান, দশটি মোষ আটক, গ্রেপ্তার ২ জন
  • ১২ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বোলপুর: পাচারের রমরমা অব্যাহত বীরভূমে। বালি, পাথর, কয়লার পর এবার বীরভূমকে করিডর করে ফের গোরু ও মোষ পাচারে নেমেছে মাফিয়ারা। তবে শান্তিনিকেতন থানার পুলিসের তৎপরতায় রোখা গিয়েছে সেই কারবার। গোপন সূত্রের খবর পেয়ে শান্তিনিকেতনের প্রান্তিকে অভিযান চালিয়ে লরিভর্তি দশটি মোষ আটক করে পুলিস। এ ঘটনায় পাচারের যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানা। তবে বারবার পাচারের ঘটনা ঘটায় উদ্বিগ্ন প্রশাসন। 
Advertisement
পাচার চক্র সক্রিয় হওয়ার ফলে বীরভূম জেলা পুলিস ও প্রশাসন এই মুহূর্তে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নানুর থানার রাউতারা, হোসেনপুর, পালিতপুরের বিভিন্ন অবৈধ বালিঘাটে টানা অভিযান শুরু করে প্রশাসন। ‌নেতৃত্ব ছিলেন খোদ জেলাশাসক বিধান রায়। এই ঘটনায় দু’টি আর্থ মুভার, ১২টি বালি ভর্তি ডাম্পার, আটটি মোটর বাইক বাজেয়াপ্ত করেছে প্রশাসন। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা শুরু করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া শুরু করেছে জেলা প্রশাসন। এরপরে ফের গবাদি পোষ্য পাচারের ঘটনা সামনে এল। পুলিস সূত্রে জানা গিয়েছে, ভিন জেলা থেকে লরি ভর্তি দশটি মোষ বীরভূম হয়ে বিহারের কিষানগঞ্জ নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। ‌ গোপন সূত্রে খবর পেয়ে পুলিস তাদের পাকড়াও করার উদ্দেশ্যে প্রান্তিকে ওত পেতেছিল। সেই লরি আসতেই তল্লাশি চালিয়ে তাদের ধরপাকড় করা শুরু হয়। এ ঘটনায় দশটি প্রাপ্তবয়স্ক মোষ উদ্ধার করেছে পুলিস।‌ পাশাপাশি এই ঘটনায় দুই পাচারকারীকেও পুলিস নিজেদের হেফাজতে নিয়েছে। বারবার করে এরকম ধরনের পাচারের ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন প্রশাসন। ‌ তবে পাচারের ঘটনা ঘটলে পুলিস কড়া ব্যবস্থার নেবে বলে জানিয়েছে শান্তিনিকেতন থানার এক আধিকারিক। 
সম্পর্কিত সংবাদ