Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শৃঙ্খলাভঙ্গ: কড়া তৃণমূল, শো-কজ করা হল হুমায়ুনকে

শৃঙ্খলাভঙ্গ: কড়া তৃণমূল, শো-কজ করা হল হুমায়ুনকে
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার কালীঘাটে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলের শৃঙ্খলার উপর বিশেষ জোর দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনটি স্তরে শৃঙ্খলারক্ষা কমিটি গড়ে দিয়েছেন তিনি। সেই বৈঠকের তিনদিনের মধ্যে কড়া পদক্ষেপ করল তৃণমূল। দলবিরোধী কাজের জন্য বুধবার শো-কজ করা হয়েছে মুর্শিদাবাদ জেলার ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরকে। সাম্প্রতিক সময়ে তাঁর একাধিক মন্তব্য তৃণমূলকে অস্বস্তির মুখে ফেলেছে এবং বিতর্ক তৈরি হয়েছে। কখনও রাজ্য সরকার, কখনও পুলিস প্রশাসন, এমনকী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও হুমায়ুনের একাধিক মন্তব্য বিতর্ক তৈরি করেছে। আগেও তাঁকে সংযত হতে বলা হয়েছিল। কিন্তু তাতে কোনও কাজ না হওয়ায় এবার কড়া পদক্ষেপ করল তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। তাঁকে তিন দিনের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। তাঁর বক্তব্য শুনেই পরবর্তী সিদ্ধান্ত নেবে শৃঙ্খলারক্ষা কমিটি। এদিন বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসেছিলেন হুমায়ুন। তাঁর বক্তব্য, ‘শো-কজের চিঠি পাইনি। চিঠি পেলে যথাসময়ে উত্তর দিয়ে দেব।’ সেই সঙ্গে তাঁর সংযোজন, ‘রাজনীতির ময়দানে আমি কাউকে ভয় পাই না।’
Advertisement
সম্পর্কিত সংবাদ