নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সংস্কারের জন্য শনিবার পর্যন্ত বন্ধ থাকছে খানাকুলে ঘন্টেশ্বর শবদাহ ঘাট। আগামী রবিবার ফের সেখানে শব দাহের করা যাবে। বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে এখানে শবদাহ করা হয়। মাস খানেক আগে হওয়া বন্যা পরিস্থিতিতে জলমগ্ন হয়ে পড়েছিল এই চুল্লি। তাছাড়া বছরে তিন বার করে এখানে সংস্কার কাজ করা হয়। সেইমতো এদিন থেকে সেখানে সংস্কারের কাজ শুরু করা হয়েছে। এরফলে চলতি সপ্তাহে শবদাহ করার জন্য অন্যত্র যেতে হবে স্থানীয় বাসিন্দাদের। ঘন্টেশ্বর শবদাহ ঘাটের তরফে গোপাল নন্দী বলেন, এবারের বন্যা পরিস্থিতির জন্য চুল্লির কয়েল ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া অন্যান্য সংস্কারের কাজও রয়েছে। তাই এদিন থেকে পরিষেবা বন্ধ হয়েছে। আবার রবিবার থেকে চালু হবে।



