সংবাদদাতা, ইসলামপুর: ডালখোলা পৌর মহাশ্মশানে দুই কোটি টাকায় নতুন প্রকল্পের উদ্বোধন হল। মঙ্গলবার বিকেলে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল ও করণদিঘির বিধায়ক গৌতম পাল। পুরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার বলেন, শ্মশান যাত্রীদের প্রতিক্ষালয়, দুটি চুল্লি (কাঠ দিয়ে পোড়ানোর) রাস্তা, লাইট, শববাহী যান ও শ্মশান চত্বরে পেভার ব্লক বসানো হয়েছে। সেগুলির উদ্বোধন হল। এতদিন শ্মশানে যাওয়ার নির্দিষ্ট রাস্তা ছিল না। এবার ঢালাই রাস্তা নির্মাণ হয়েছে। রাস্তার জন্য পুরদপ্তর থেকে ৬৫ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। ৪০ লক্ষ টাকা ব্যায়ে শ্মশানচত্বরে স্ট্রিট লাইট ও হাইমাস্ট বসানো হয়েছে। পেভার ব্লক বসাতে ৪০ লক্ষ, চুল্লি ও ভবন নির্মাণে ৫০ লক্ষ টাকা খরচ হয়েছে। সবমলিয়ে প্রায় ২কোটি টাকার কাজ হয়েছে। এর বেশিরভাগ খরচ হয়েছে পুরসভার নিজস্ব তহবিল থেকে। নদীর ঘাট বাঁধানো, সমাধি দেওয়ার জন্য জায়গা করা সহ নতুন বছরে আরও ১ কোটি টাকায় একাধিক কাজ হবে।
Advertisement
পুরসভা সূত্রে খবর, শ্মশানে একটি মন্দির স্থাপন করা হচ্ছে। করণদিঘি পঞ্চায়েত সমিতির অধীন একটি শববাহী যান ছিল। সেখানে দেখরেখ ঠিকঠাক হচ্ছিল না। ওই যানটি পুরসভাকে হস্তান্তর করা হয়েছে। পুরকর্তৃপক্ষ তা নতুন রূপে ডালখোলার জন্য চালু করল। শ্মশানের উদ্বোধনী কর্মসূচির পাশাপাশি শ্মশান থেকে সামান্য দূরেই কীর্তনের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।



