নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্পাঞ্চলে তাপবিদ্যুৎ কারখানা গড়বে জিন্দালরা। সোমবার আইএনটিটিইউসির শ্রমিক সমাবেশে জেলার শিল্পায়নের ক্ষেত্রে বড় ঘোষণা করেন রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। এদিন শ্রমিক সমাবেশে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সাফল্য তুলে ধরতে গিয়েই এই সম্ভাবনার কথা জানান মন্ত্রী। এই খবরে জেলার শ্রমিকমহল খুশি। শনিবার আসানসোল রবীন্দ্রভবনে আইএনটিটিইউসির এই জেলা সমাবেশে কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক নির্দিষ্ট পরিকল্পনা করে আসানসোল, জামুড়িয়া, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গা থেকে শ্রমিকদের ঐক্যবদ্ধ করে নিয়ে আসেন। সমাবেশে হাজির হয়েছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। এদিনের সমাবেশ থেকে এক যোগে বাম ও বিজেপিকে শ্রমিক বিরোধী তকমা দেন শাসক দলের শ্রমিক নেতা থেকে মন্ত্রী। বাম আমলের শ্রমিক বঞ্চনা তুলে ধরেন নেতারা। শ্রমমন্ত্রী বলেন, বাম সরকার তাদের আমলের শেষ ২০ বছর অসংগঠিত শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেনি। তাদের আমলে শ্রমিকদের মজুরি ছিল ২২০০ টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার একমাসের মধ্যে সেই ন্যূনতম মজুরি করে ৯ হাজার ৬০০ টাকা। ঋতব্রতবাবু বলেন, বিজেপি শ্রমকোড দেশজুড়ে চালু করার উদ্যোগ নিয়ে শ্রমিকের অধিকার কেড়ে নিতে সচেষ্ট।



