Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিল্পাঞ্চলে মাটির নীচে প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার, উত্তোলনে উদ্যোগী প্রশাসন

শিল্পাঞ্চলে মাটির নীচে প্রাকৃতিক গ্যাসের বিপুল ভাণ্ডার, উত্তোলনে উদ্যোগী প্রশাসন
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: কবিগুরুর ঠাকুরদাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রানিগঞ্জ থেকেই দেশবাসীকে কয়লা উত্তোলনের পথ দেখান। স্বাধীন ভারতে গ্রাম থেকে শহরকে আলোকিত করতে আসানসোল, দুর্গাপুর অঞ্চলের ভূগর্ভের কয়লার ভূমিকা অনেক। এবার সেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের মাটিই মানুষকে নতুন করে স্বস্তি দিতে চলেছে। শিল্পাঞ্চলের ভূগর্ভে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক বা সেল গ্যাস। ধীরে ধীরে তা উত্তোলনের কাজ শুরু হয়েছে। সে‌ই প্রাকৃতিক গ্যাস রান্নার গ্যাস হিসাবে ব্যবহার করার জন্য বাড়ি বাড়ি পাইপ লাইনে সংযোগের কাজও শুরু হয়েছে দুর্গাপুরে, যা এলপিজি সিলিন্ডারের অগ্নিমূল্য থেকে মানুষকে রেহাই দেবে বলে আশা। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রীও এনিয়ে বাড়তি উচ্ছ্বাস দেখিয়েছেন। তার ফলে শিল্পাঞ্চলে নতুন করে কর্মসংস্থানের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। 
Advertisement
জেলাশাসক পোন্নমবলম এস বলেন, আইওসিএল-আদানি ন্যাচারাল গ্যাসের পাইপ লাইন বাড়ি বাড়ি পাতার কাজ শুরু হয়েছে দুর্গাপুরে। আসানসোলেও সেই কাজ দ্রুত হবে। মানুষ জ্বালানি ব্যবহারের বিকল্প পথ পাবেন। প্রাকৃতিক গ্যাস জ্বালানি হিসাবে ব্যবহার হলে দূষণ কম হয়। এছাড়াও আসানসোল, দুর্গাপুরে একাধিক জায়গা থেকে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। 
শ্রম ও আ‌ইনমন্ত্রী মলয় ঘটক বলেন, জিইইসিএল আমাদের শিল্পাঞ্চলে গ্যাস উত্তোলনের জন্য ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের কথা আগেই জানিয়েছিল। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও বিষয়টি আরও অগ্রসর হয়েছে। মুখ্যমন্ত্রীর উদ্যোগে শিল্পাঞ্চলে বহু কর্মসংস্থান হচ্ছে। 
পশ্চিম বর্ধমান জেলার ভূগর্ভস্থ কয়লা গুণমানের বিচারে দেশের সেরা কয়লা হিসাবে বিবেচিত হয়। ইসিএলের উত্তোলন করা এই কয়লা দেশের নানা তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য পাঠানো হয়। তার থেকে উৎপাদিত বিপুল বিদ্যুৎ আলোকিত করেছে দেশকে। 
ফের ভূগর্ভের মাটি বড় ভূমিকা নিতে চলেছে। মুখ্যমন্ত্রী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে দেওচা পাচামিতে কয়লা ব্যাসল্ট পাথর উত্তোলনের ঘোষণা করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেছিলেন, আসানসোল দুর্গাপুরে মাটির নীচে সঞ্চিত রয়েছে বিপুল সেল গ্যাস। সেখান থেকে তা উত্তোলন করার জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তারপর শিল্পাঞ্চলের বহু মানুষ এথেকে নতুন সম্ভাবনা দেখছেন। জানা গিয়েছে, দুর্গাপুর ফরিদপুর ব্লক, দুর্গাপুর শহর সংলগ্ন এলাকায় একটি বহুজাতিক সংস্থা গ্যাস উত্তোলনের কাজ শুরু করেছে।
আসানসোলের বার্নপুর এলাকায় অন্য একটি সংস্থা একই কাজ শুরু করেছে। স্থানীয়দের কর্মসংস্থানও হচ্ছে। তা ব্যাপকভাবে শুরু হলে আরও কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সবচেয়ে বড় বিষয় রান্নার গ্যাসে এটি ব্যবহার হলে বাঙালি হেঁসেলে জ্বালানির হ্যাপা কমবে। দুর্গাপুর ও আসানসোলের মানুষ যে সুযোগ পেতে চলেছেন, পার্শ্ববর্তী এলাকাতেও সেই সুযোগ ছড়িয়ে পড়বে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ