সংবাদদাতা, নকশালবাড়ি: খড়িবাড়িতে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার দুই যুবক। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মনোজ রবিদাস এবং পলাশ বর্মন। দু’জন খড়িবাড়ির বাঞ্চাভিটার বাসিন্দা। পুলিস সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় ওই তরুণী স্কুটার নিয়ে বাতাসি থেকে পানিট্যাঙ্কি যাচ্ছিল। সেই সময় রাস্তায় একটি বাইকে দুই যুবক তাঁর পিছু নেয়। পরে তাকে উদ্দেশ্য করে একাধিকবার কটুক্তি করে। কু প্রস্তাব দেয়। পরে স্কুটার থামানোর চেষ্টা চালায়। তরুণী প্রতিবাদ করলে ওই দুই যুবক তরুণীর ব্যাগ ও ফোন ছিনতাইয়ের চেষ্টা করে। এরপর পুরো বিষয় নিয়ে রাতেই খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিস। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিস।



