সংবাদদাতা, রায়গঞ্জ: খাবারের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে বাড়িতে ডেকে এনে শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির পুলিস। ধৃত ব্যক্তির নাম মহম্মদ খলিল। বাড়ি রায়গঞ্জের গোবিন্দপুর এলাকায়। গোবিন্দপুর এলাকায় মায়ের সঙ্গে ভাড়া থাকত ওই নাবালিকা। গত পয়লা জানুয়ারি এলাকার বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে পিকনিক করছিল সে। পিকনিকের মাঝেই মহম্মদ খলিল নাবালিকাকে বাড়ি নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বৃহস্পতিবার নাবালিকার মা পুলিসে অভিযোগ জানালে অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করে পুলিস। শুক্রবার অভিযুক্তকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।