নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে যুবতী খুনের কিনারা করতে কার্যত ব্যর্থ পুলিস। ঘটনার চারদিন পর সোমবার বিকেল পর্যন্ত পুলিস বিউটি পার্লারের ওই কর্মী খুনের রহস্য ভেদ করতে পারেনি। এই অবস্থায় এদিন ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। তাঁদের একাংশ পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁরা অবিলম্বে ঘটনার কিনারা করার দাবি করেন। গত শুক্রবার শহরের ভানুনগরে ফ্ল্যাট থেকে পুষ্পা ছেত্রী নামে বিউটি পার্লারের ওই কর্মীর গলা কাটমৃতদেহ উদ্ধার করে পুলিস। এখনও পর্যন্ত খুনের ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিস। এমনকী, তারা মৃত মহিলার উধাও হওয়া স্মার্ট ফোন এবং খুনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করতে পারেনি। ঘটনাটি নিয়ে পুলিস কার্যত অন্ধকারে হাতড়াচ্ছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের এক অফিসার অবশ্য বলেন, ওই ঘটনা নিয়ে তদন্ত চলছে। শীঘ্রই ঘটনার কিনারা করা হবে।



