সংবাদদাতা, শিলিগুড়ি: ট্রেনের টিকিট কাটতে বেরিয়ে পাঁচদিন পরেও বাড়ি ফেরেননি এক ব্যক্তি। হন্যে হয়ে খুঁজে কোথাও সন্ধান মেলেনি। অবশেষে এনজেপি থানার দ্বারস্থ হল পরিবার। ৪০ বছরের নিখোঁজ ব্যক্তির নাম তাপস অধিকারী। বাড়ি ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের জোড়াপাকরিতে। পরিবার সূত্রে খবর, তাপস অধিকারী মণিপুরে অনেকদিন থেকে শ্রমিকের কাজ করেন। লক্ষ্মীপুজোর আগে বাড়ি এসেছিলেন। মণিপুরে কাজে যাওয়া জন্য ৭ নভেম্বর সাইকেল নিয়ে এনজেপি স্টেশনে ট্রেনের টিকিট কাটতে বের হন। কিন্তু দুপুর গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফেরেননি। পরিবারের লোকরা চিন্তায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও খোঁজ না পেয়ে পরিবারের তরফে এনজেপি থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়।



