নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ির গ্রামীণ এলাকায় জঞ্জাল সাফাই কর্মসূচিতে ঝাঁপিয়েছে মহকুমা পরিষদ। বুধবার তারা জঞ্জাল সাফাইয়ের জন্য তিনটি ট্রিপার ট্রাকের উদ্বোধন করে। একই সঙ্গে মাটিগাড়ায় একটি বায়ো কম্পোস্ট ইউনিট এবং জঞ্জাল পৃথকীকরণ সেলের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। অনুষ্ঠানে পরিষদের অন্যান্য সদস্য ও প্রশাসনের আধিকারিকরা হাজির ছিলেন। প্রশাসন সূত্রের খবর, ৩০ লক্ষ টাকায় ট্রিপার ট্রাকগুলি কেনা হয়েছে। এরবাইরে একটি ইউনিট গড়তে ১০ লক্ষ এবং আরএকটি ইউনিট গড়তে ৪ লক্ষ টাকা খরচ হয়েছে। সভাধিপতি বলেন, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় সংশ্লিষ্ট প্রকল্পগুলি করা হয়েছে। এতে গ্রামীণ এলাকায় জঞ্জাল সাফাই অভিযানে আরও গতি বাড়বে।



