Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে সিপিসির ভূমিকা খতিয়ে দেখছে পুলিস, থানাগুলিকে ডেটাবেস তৈরির নির্দেশ

শিলিগুড়িতে সিপিসির ভূমিকা খতিয়ে দেখছে পুলিস, থানাগুলিকে ডেটাবেস তৈরির নির্দেশ
  • ২৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: দুর্গম গ্রামে ব্যাঙ্কের পরিষেবা প্রদানেই চালু হয় কাস্টমার সার্ভিস পয়েন্ট (সিএসপি)। সেই সিপিসির আড়ালেই অনলাইন প্রতারণার জাল বিস্তার! ট্যাব কাণ্ডে তদন্তে নেমে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে শিলিগুড়ি ও দার্জিলিং জেলা পুলিস। এজন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস সিপিসির ডেটাবেস তৈরির উদ্যোগ নিয়েছে। তারা সিপিসির স্থান, কর্মীদের জীবনপঞ্জি নথিভুক্ত রাখবে বলে খবর। 
Advertisement
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, ট্যাব কাণ্ডে বেশকিছু সিপিসির কর্মী বা এজেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তাই আমজনতার স্বার্থেই সিপিসিগুলির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। সেগুলির সম্পর্কে তথ্যও সংগ্রহ করা হবে। ট্যাব কাণ্ডে মালদহ ও উত্তর দিনাজপুর জেলায় বেশকিছু সিএসপির যোগসূত্র পুলিস পেয়েছে। বেশকিছু সিএসপি’র এজেন্টকে গ্রেপ্তারও করেছে। এমন প্রেক্ষাপটে শিলিগুড়ি পুলিস সিএসপিগুলি সম্পর্কে খোঁজখবর নিতে শুরু করেছে। পুলিস সূত্রে খবর, নিয়মিত বিভিন্ন হোটেলের রেজিস্টার খতিয়ে দেখা হয়। বাড়ির ভাড়াটিয়াদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। এবার গ্রামগঞ্জে থাকা সিএসপিগুলির তালিকা তৈরি করা হবে। কর্মী সংখ্যা, মালিক ও কর্মীদের জীবনপঞ্জি, সেগুলি খোলা ও বন্ধ করার সময় প্রভৃতি তথ্য সংগ্রহ করা হবে। 
শিলিগুড়ির এক পুলিস অফিসাররা বলেন, কমিশনারেট এলাকার প্রতিটি থানাকে সিপিগুলি সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে। কর্মীদের ডেটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, সিএসপিগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাতে পাত্তা দিতে নারাজ। ব্যাঙ্ক সূত্রের খবর, বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে সিপিসি চালু করা হয়। সেগুলির সঙ্গে ব্যাঙ্কের সরাসরি যোগাযোগ নেই। ট্যাব কাণ্ডের সঙ্গে ব্যাঙ্কের কোনও সম্পর্ক নেই। দার্জিলিং জেলা লিড ব্যাঙ্কের ম্যানেজার রাজেশ কুমার বলেন, নিয়মিত সিপিসিগুলির লেনদেন খতিয়ে দেখে ব্যাঙ্ক। এক্ষেত্রে ব্যাঙ্কের কোনও ত্রুটি নেই। ট্যাব কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে যা করার পুলিস করবে। 
অন্যদিকে, ট্যাব কাণ্ডে মালদহের বৈষ্ণবননগর থেকে ধৃত সিপিসি এজেন্ট মনোজ চৌধুরীকে হেফাজতে নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতের নির্দেশে ধৃতকে পাঁচ দিনের জন্য পুলিস হেফাজতে নিয়েছে।  
সম্পর্কিত সংবাদ