Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ফের বাইক গ্যাংয়ের দাপট

শিলিগুড়িতে ফের বাইক গ্যাংয়ের দাপট
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: ফের বাইক গ্যাংয়ের দৌরাত্ম্য শিলিগুড়িতে। অভিযোগ, পথচারীদের গলা থেকে সোনার হার ছিনতাই করে চম্পট দিচ্ছে বাইক গ্যাং। এদের সফট টার্গেট মহিলারা। মাটিগাড়া, বাগডোগরা ও এনজেপি থানা এলাকায় এধরনের বেশকিছু ঘটনা ঘটেছে। এনিয়ে নাগরিকরা উদ্বিগ্ন। তাঁরা পুলিসের ভূমিকায় প্রশ্ন তুলেছেন। অভিযোগ, পুলিসের নজরদারি ঢিলেঢালা হওয়ায় বাইক গ্যাংয়ের দাপট বেড়েছে।
Advertisement
শিলিগুড়ির পুলিস অফিসাররা অবশ্য অভিযোগ মানতে নারাজ। তাঁরা বলেন, ছিনতাইয়ে জড়িত বাইক গ্যাংয়ের দাপট বন্ধ করতে প্রতিটি থানার অফিসারদের সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছে। সেইসঙ্গে নাগরিকদের নিরাপত্তায় সর্বত্র নজরদারিও বাড়ানো হয়েছে।
শহরে মাঝেমধ্যেই ছিনতাই হচ্ছে। বৃহস্পতিবার এনজেপি থানার ঠাকুরনগরে পিছন থেকে এক পথচারী মহিলার মুখ চেপে ধরে দুই বাইক আরোহী। অভিযুক্তদের মুখ ঢাকা ছিল। তারা মহিলার গলার হার, কানের দুল নিয়ে চম্পট দেয়। এর আগে মাটিগাড়া থানার থুম্বাজোতে, বাগডোগরাতেও কয়েকটি ছিনতাই হয়েছে। কোথাও চলন্ত বাইক থেকে পথচারীর গলার হার, আবার কোথাও পথচারীর হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয় বাইক বাহিনী। ঘটনাগুলি নিয়ে বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত। তাঁদের অভিযোগ, শহরের অনেক জায়গায় সিসি ক্যামেরা বিকল। আবার কিছু জায়গায় সিসি ক্যামেরা নেই। নিয়মিত পুলিসও টহল দেয় না। এমন পরিস্থিতির জেরেই বাইক বাহিনী সক্রিয় হয়ে উঠেছে।
বাইক বাহিনীর দাপট নিয়ে নাগরিকদের অভিযোগ মানতে নারাজ পুলিস। ইতিমধ্যে তারা কয়েকটি ছিনতাইয়ের ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, এনজেপি থানার ঠাকুরনগরে ছিনতাইয়ে জড়িত এক দুষ্কৃতী গ্রেপ্তার হয়েছে। ২৩ অক্টোবর মাটিগাড়ার থুম্বাজোতে এক পথচারীরর কাছ থেকে সোনার চেন ছিনতাই করে দুই বাইক আরোহী। সেই ঘটনার তদন্তে নেমে পুলিস প্রথমে গণেশ ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে। ধৃতের দেওয়া তথ্য অনুসারে শনিবার শহরের জংশন এলাকা থেকে সহদেব রায় ওরফে লটকাকে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিস। ধৃতের কাছ থেকে ১০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। 
ঘটনাগুলি পর্যালোচনার পর পুলিস ও গোয়েন্দারা জানিয়েছে, এক বা দু’টি গ্যাং নয়। শহরের বিভিন্ন এলাকায় ছোট ছোট বেশ কয়েকটি বাইক গ্যাং সক্রিয়। যাদের টার্গেট পথচারীদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করা। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পশ্চিম) বিশ্বাচাঁদ ঠাকুর বলেন, মাটিগাড়া ও বাগডোগরায় এক-দু’টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলির সঙ্গে জড়িত বাইক বাহিনীকে গ্রেপ্তার করা হয়েছে। এধরনের ঘটনা রুখতে এলাকায় সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। নিয়মিত পেট্রোলিং চলছে।
সম্পর্কিত সংবাদ