Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়িতে ডাকাতির ছক, গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী

শিলিগুড়িতে ডাকাতির ছক, গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে অসামাজিক কর্মকাণ্ড সংগঠিত করতে ভিনরাজ্যের দুষ্কৃতীদের যোগ ফের প্রকাশ্যে এল। আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ নিয়ে এসে শহর শিলিগুড়িতে ‘অ্যাকশন’ চালানোর আগেই ভক্তিনগর থানার অভিযানে বিহারের দুই কুখ্যাত দুষ্কৃতী সহ শিলিগুড়ির এক বাসিন্দাকে পুলিস গ্রেপ্তার করল। পুলিস জানিয়েছে, ধৃতরা হল মহম্মদ মুজাফ্‌ফর, দীপক পাসোয়ান ও সন্দীপ বিসলি। এদের মধ্যে প্রথম দু’জন বিহারের বাসিন্দা। সন্দীপের বাড়ি শিলিগুড়ি শহরের দুর্গানগরে। অন্যদিকে, একইরাতে প্রধাননগর থানার পুলিস আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক যুবককে পাকড়াও করে। 
Advertisement
তদন্তকারী অফিসারদের সূত্রে জানা গিয়েছে, মুজাফ্‌ফর ও দীপক বিহারের কুখ্যাত অপরাধী। তাদের নামে একাধিক থানায় অভিযোগ রয়েছে। মঙ্গলবার শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে এরা। সন্দীপ আগে থেকে শহরের বিভিন্ন জায়গা রেকিও করে রেখেছিল। ওই দুই দুষ্কৃতী সন্দীপের সঙ্গে যোগাযোগ করে শিলিগুড়ি আসে। তাদের লক্ষ্য ছিল ডাকাতি করা। রাতে ওই তিনজন তারাচাঁদ ময়দানে বসে সেই অপরাধের ব্লুপ্রিন্ট তৈরি করা শুরু করে। সেই সময় পুলিসের কাছে খবর যায়। এলাকা ঘিরে অভিযানে নামে পুলিস। 
থানার ভ্যান দেখে পালানোর চেষ্টা করে তিন দুষ্কৃতীই। তবে আগে থেকেই পুলিস তারাচাঁদ ময়দান ঘিরে রাখায় তারা পালাতে ব্যর্থ হয়। তাদের দেহে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ। এরপরেই তিনজনকে গ্রেপ্তার করে ভক্তিনগর পুলিস। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আগ্নেয়াস্ত্র সহ তিনজনকে ধরা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। 
অন্যদিকে, একইরাতে অভিযান চালিয়ে শিলিগুড়ি জংশন সংলগ্ন একটি সিনেমা হলের সামনে থেকে এক অপরাধীকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম খোকন মহন্ত। তার বাড়ি শিলিগুড়ির শহরেরই ঢাকনিকাটায়। পুলিস জানতে পারে জংশন এলাকাতে এক দুষ্কৃতী বেআইনি আগ্নেয়াস্ত্র সহ ঘুরছে। খবর পেয়েই অভিযান চালায় প্রধাননগর থানার পুলিস। পুলিসকে দেখে পালাতে চেষ্টা করে খোকন। তবে রক্ষা হয়নি। তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার হতেই পুলিস তাকে গ্রেপ্তার করে।
Advertisement
সম্পর্কিত সংবাদ