নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শহরজুড়ে বেপরোয়া স্কুলবাসের ধাক্কায় জখম হয়েছেন একাধিক মানুষ। নিত্যদিন স্কুলবাসের অনিয়ন্ত্রিত গতি ও নির্ধারিত রুটের অভাবে শহরে বাড়ে যানজট। এবারে স্কুলবাসের গতি নিয়ন্ত্রণ, রুট নির্ধারণ সহ পড়ুয়া ও সাধারণ মানুষের সুরক্ষা সুনিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠক করবে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের শীর্ষ আধিকারিকেরা। কীভাবে সুষ্ঠুভাবে বাস চলাচল করানো সম্ভব তা নিশ্চিত করতেই এই বৈঠক সম্পন্ন করা হবে। বুধবার শিলিগুড়ির জলপাইমোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচিতে অংশ নিতে এসে এমনটাই জানালেন শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর।
Advertisement
এদিন জলপাইমোড়ে ওই অনুষ্ঠানে এসে সচেতনতামূলক একাধিক বার্তা দেন পুলিস কমিশনার। হেলমেট পড়ে বাইক চালানো সহ গাড়ির গতি নিয়ন্ত্রণ, সিগন্যাল মেনে যাত্রা করার বিষয়ে সচেতন করা হয়। জলপাইমোড় ট্রাফিক পয়েন্ট দিয়ে যাত্রা করা আরোহীদের একাধিক বিষয়ে সচেতন করা হয়। অনুষ্ঠানে যোগ দিতে এসে স্কুলবাস নিয়েও বার্তা দেন পুলিস কমিশনার। তিনি জানিয়েছেন, খুব দ্রুত একাধিক স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসে বাসগুলির গতি নিয়ন্ত্রণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোনওভাবেই যাতে পড়ুয়া বা সাধারণ মানুষের সুরক্ষা উপেক্ষিত না হয় তা দেখা হবে।



