সংবাদদাতা, শিলিগুড়ি: বৃহস্পতিবার রাতে শিলিগুড়ির সুভাষপল্লি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হল বিধাননগরের ভীমবার দৃষ্টিহীন স্কুলের ছাত্রীদের হাত ধরে। এবার তৃতীয় তম বর্ষে পুজোর থিম ‘দৌড়’। স্থানীয় শিল্পী সন্দীপন নাথের মণ্ডপসজ্জা মন কেড়েছে শহরবাসীর। পাশাপাশি জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুশান্ত রায়ের তৈরি প্রতিমা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দক্ষিণবঙ্গ থেকে এসেছে ঢাকির দল। সব মিলিয়ে দুর্গোৎসব ও দীপাবলির পরেও জগদ্ধাত্রী পুজোকে ঘিরে শহরে উৎসবের মেজাজ। পুজো কমিটির পক্ষে রাজু সেনগুপ্ত বলেন, প্রত্যেকবারের মতো এবারও পুজোর ক’দিন থাকছে গরিবদের শীতবস্ত্র বিতরণ থেকে দরিদ্র নারায়ণ সেবা। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।



