Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ির ভানুনগরে যুবতী খুনের কিনারা, গ্রেপ্তার তিন

শিলিগুড়ির ভানুনগরে যুবতী খুনের কিনারা, গ্রেপ্তার তিন
  • ১৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: অবশেষে ভানুনগরে যুবতী খুনের ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল পুলিস। ভাড়াটে খুনি দিয়ে প্রেমিকাকে খুনের অভিযোগ উঠল পাঞ্জাবে কর্মরত এক আধা সেনা কর্মীর বিরুদ্ধে। স্বামীকে প্রেমের অবৈধ সম্পর্ক থেকে বের করে আনতে এই খুনে সহযোগিতা করে ওই আধাসেনা কর্মীর স্ত্রী। 
Advertisement
শনিবার সাংবাদিক সম্মেলন করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (ইস্ট) রাকেশ সিং একথা জানান। তিনি বলেন, তদন্তে নেমে বেশকিছু সূত্র ধরে চেন্নাইয়ে পুলিসের একটি দল যায়। সেখান থেকে একজনকে গ্রোপ্তার করতেই এই খুনের রহস্য উন্মোচন হয়। এদিন আরও দু’জনকে  গ্রেপ্তার করা হয়। তারমধ্যে একজন ওই আধাসেনার স্ত্রী। তাদের জেরা করে জানা যায়, আধা সেনা অরুণ পর্টেল অবৈধ প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য ভাড়াটে খুনি দিয়ে তার প্রেমিকাকে খুন করিয়েছে। অভিযুক্ত অরুণকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়েছে।
মালবাজার থানার বাগরাকোটের বাসিন্দা পুষ্পা ছেত্রি (২৭) শিলিগুড়িতে বিউটি পার্লারে কাজ করতেন। ৮ নভেম্বর শিলিগুড়ি শহরের ভানুনগরে একটি অবাসনের ফ্ল্যাট থেকে তাঁর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার ন’দিনের মধ্যে খুনের কিনারা করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিস। খুনিরাও পুষ্পা ছেত্রির এলাকারই বাসিন্দা। সেই সুবাদেই তারা তরুণীর ঘরে ঢুকে গলা কেটে  খুন করে।
ডিসিপি রাকেশ সিং বলেন, আধা সামরিক বাহিনীতে কর্মরত অরুণ পোর্টেল নামে এক ব্যক্তির সঙ্গে পুষ্পার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তার স্ত্রী বিষয়টি জেনে ফেলে। অরুণ সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিল। কিন্তু পুষ্পা তাতে রাজি হয়নি। এরপরই স্বামী-স্ত্রী মিলে পুষ্পাকে খুনের সুপারি দেয় বাগরাকোটের বাসিন্দা অভিষেক দোর্জি ও রুস্তম বিশ্বকর্মা নামে দুই যুবককে। তাদের অগ্রিম ৫০ হাজার টাকা দেওয়া হয়। সেই মতো ৭ নভেম্বর রাত ১০টা নাগাদ তারা শিলিগুড়িতে পুষ্পার ভাড়াবাড়িতে আসে। প্রায় ৪৫ মিনিট সেখানে ছিল। অনুমান, সেই সময়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পুষ্পাকে খুন করা হয়। পরের দিন অভিষেক ট্রেন ধরে চেন্নাই চলে যায়। সেখানে সে একটি হোটেলে কাজ করে। অপর খুনি রুস্তম বিশ্বকর্মা বাগরাকোটে ফিরে গেলেও অরুণের স্ত্রী প্রীতিকা পোর্টেল শিলিগুড়িতেই ছিল। শুক্রবার চেন্নাই থেকে অভিষেককে গ্রেপ্তার করে  জিজ্ঞাসাবাদ করে এদিন সকালে প্রীতিকা ও রুস্তমকে গ্রেপ্তার করে পুলিস। এদিন এপ্রসঙ্গে ডিসিপি রাকেশ সিং বলেন, তদন্তের স্বার্থে মোবাইল ফোনের বিষয়ে এখন কিছু বলা যাবে না।
সম্পর্কিত সংবাদ