Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি টাউন স্টেশন লাগোয়া সব্জি বাজারে আগুন

শিলিগুড়ি টাউন স্টেশন লাগোয়া সব্জি বাজারে আগুন
  • ২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শুক্রবার সকালে শিলিগুড়ি টাউন স্টেশন লাগোয়া সব্জি বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে যায়। আশপাশের বেশ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতের কোনও খবর না থাকলেও ক্ষতির পরিমাণ ১০ লক্ষ টাকার বেশি বলে দাবি ব্যবসায়ীদের। 
Advertisement
এদিকে,  এই অগ্নিকাণ্ডের  ঘটনায় রেল কর্তৃপক্ষ উদ্বিগ্ন। স্টেশন লাগোয়া রেলের জমিতে বাম আমলে গড়ে ওঠা এই বাজার সব্জি আড়তে পরিণত হয়েছে। বেড়েছে বাজরের বহর। টয় ট্রেনের লাইন ঘেঁষে বসা এই বাজার সরিয়ে দেওয়ার জন্য রেলের তরফে বহুবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। এদিনের অগ্নিকাণ্ডের পর এই বাজার নিয়ে খোঁজখবর নিতে শুরু করেছে রেল। কারণ অগ্নিকাণ্ড ব্যাপক আকার নিলে শিলিগুড়ি টাউন স্টেশনে রেলের সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হতো বলে জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জলকিশোর শর্মা। 
বৃহস্পতিবার কালীপুজোয় রাতভর বাজি ফেটেছে। সেই বাজি থেকেই এই আগুন বলে দমকলের প্রাথমিক অনুমান। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অগ্নিকাণ্ডের পর সবকিছু খতিয়ে দেখে জানিয়েছেন, শর্ট সার্কিটের কোনও প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাই সকলের ধারণা কালীপুজোর রাতে বাজিপটকা থেকেই কোনওভাবে আগুন বাজারের সব্জি গোডাউনে এসে পরে।  তার থেকে আগুন ধরে তিনটি  দোকান পুড়ে যায়। এর মধ্যে পেঁয়াজ, সব্জি ও শাঁখার দোকান ছিল। পেঁয়াজের দোকান সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেঁয়াজের দোকানে প্রচুর পরিমাণে চটের বস্তা, প্লাস্টিকের বাক্স মজুত থাকাতেই ক্ষয়ক্ষতি বেশি হয়। 
এদিন সকাল সাড়ে ৬টা নাগাদ স্থানীয়রা দেখেন ওই তিনটি দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। দমকল দ্রুত পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শিলিগুড়ি পুরসভার সংশ্লিষ্ট ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় শর্মা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, পুরসভার তরফে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য মেয়রকে  অনুরোধ করা হবে। এদিকে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিপিআরও কপিঞ্জলকিশোর শর্মা বলেন, এনজেপি, শিলিগুড়ি টাউন ও শিলিগুড়ি জংশন স্টেশনে ঢোকার মুখে রেলের জমি জবরদখল করে বাজার, বসতি গড়ে ওঠায় আমাদের পরিষেবা প্রসারিত করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। সব্জি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের বিষয়টি নতুন করে ভাবতে হচ্ছে। আগুন বড় আকার নিলে রেলের সম্পত্তি ক্ষয়ক্ষতি হতো। এ ধরনের বাজারের বৈধতা যাচাই করার জন্য রেলের তরফে পদক্ষেপ করা হবে। 
সম্পর্কিত সংবাদ