Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ি শহরকে গতিময় করতে দখলমুক্ত অভিযান চালাবে পুরসভা

শিলিগুড়ি শহরকে গতিময় করতে দখলমুক্ত অভিযান চালাবে পুরসভা
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, শিলিগুড়ি: শিলিগুড়িতে রাস্তার ধারে সরকারি জমি জবরদখলের বিরুদ্ধে পুরসভার অভিযান অব্যাহত থাকবে। শনিবার একথা জানান মেয়র গৌতম দেব। তিনি বলেন, শহরকে গতিময় করে তুলতে গেলে রাস্তা প্রশস্ত করতে হবে অনেক জায়গায়। কিন্তু কিছু স্থানে সরকারি জমি দখল হয়ে রাস্তাকে অপরিসর করে তুলেছে। সেই জমি উদ্ধারের জন্য শিলিগুড়ি পুরসভা পুজোর আগেই অভিযান শুরু করেছিল। পাশাপাশি শহরের বেশকিছু রাস্তা প্রশস্তকরণ ও নতুন রাস্তা তৈরি করাও হচ্ছে। 
Advertisement
মেয়র বলেন, নতুন রাস্তা তৈরির ক্ষেত্রে রাজ্য সরকার সহযোগিতা করছে। শিলিগুড়িতে রাস্তা বাড়েনি। উল্টে বেশিরভাগ রাস্তা দখলের কারণে অপরিসর হয়ে উঠেছে। সেখানে যানবাহন অস্বাভাবিক হারে বেড়েছে। তার সঙ্গে রয়েছে টোটোর দৌরাত্ম্য। ফলে শিলিগুড়ি শহরের পাড়া থেকে শুরু করে প্রধান রাস্তাগুলি যানজটে প্রতিদিনই অবরুদ্ধ থাকছে। এতে নাজেহাল হচ্ছেন শহরবাসী। শনিবার শিলিগুড়ি পুরসভার টক টু মেয়র  ফোন ইন লাইভ অনুষ্ঠানে এক নাগরিক এপ্রসঙ্গে মেয়রের দৃষ্টি আকর্ষণ করেন। এবিষয়ে মেয়র বলেন, বর্ধমান রোডে উড়ালপুলের কাজ আশা করা যাচ্ছে আগামী মার্চ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। পাশাপাশি রাজ্য সরকারের টাকায় প্রধাননগরের নিবেদিতা রোড ফোর লেন করার কাজ করা হবে। এই দু’টি কাজ হয়ে যাওয়ার পর শিলিগুড়ি শহরের যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে। আমরা বাবুপাড়া জোৎস্নাময়ী গার্লস স্কুলের পাশের রাস্তাটি চওড়া করার উদ্যোগ নিতে চলেছি। পাশে যে অ্যাপার্টমেন্ট হয়েছে, তার মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। পুরসভার প্রস্তাব মতো তিনি কিছুটা জমি ছেড়ে দেবেন। সেই রাস্তা প্রশস্ত হবে। এছাড়াও সেভক রোড প্রশস্তকরণের কাজ চলছে। 
ফের দখলমুক্ত অভিযান শুরুর প্রসঙ্গে মেয়র বলেন, পুজোর আগে থেকেই অভিযান শুরু হয়েছিল। পুজোর কারণে কিছুদিনের জন্য তা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু তার মানে এই নয় যে, আমরা দখলমুক্ত অভিযান থেকে সরে এসেছি। শহরকে গতিশীল করার লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে। 
সম্পর্কিত সংবাদ