নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, বাগডোগরা: বৃহস্পতিবার পৃথক দু’টি অভিযানে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের নিউ জলপাইগুড়ি ও বাগডোগরা থানা এলাকা থেকে মোট ১ কেজি ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হল। তিন মহিলা সহ মোট ছয় পাচারকারী গ্রেপ্তার হয়েছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের মূল্য দেড় কোটি টাকারও বেশি। প্রথম ঘটনায় পোড়াঝাড় এলাকায় অভিযান চালিয়ে এক মহিলা সহ চারজনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের নাম সুমিত্রা বর্মন, সুভাষ বর্মন, সায়েম শেখ ও আনোয়ার শেখ। প্রথম দু’জনের বাড়ি কোচবিহারে। বাকিরা মালদহের বাসিন্দা। মালদহ থেকে বাসে চেপে সায়েম ও আনোয়ার প্রায় ছ’শো গ্রাম ব্রাউন সুগার নিয়ে শিলিগুড়ি আসে। অন্যদিকে, সুমিত্রা ও সুভাষ কোচবিহার থেকে স্কুটারে চেপে আসে শিলিগুড়ি। পোড়াঝাড়ে মাদক হাতবদল হওয়ার কথা ছিল। খবর পেয়েই অভিযান চালায় এনজেপি থানার পুলিস। তাদের আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। অন্যদিকে, সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাগডোগরা থানা ও স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) দুই মহিলাকে এক কেজি ব্রাউন সুগার সহ ধরে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল, গুলাবসানা খাতুন ও শাহিনা বেগম। তারা দু’জনই মাটিগাড়া রেলগেট সংলগ্ন এলাকার বাসিন্দা। মালদহের নালাগোলা থেকে মাদক এনে শিলিগুড়িতে বিক্রির ছক কষেছিল। তাদের সঙ্গে থাকা দু’টি ব্যাগ থেকে উদ্ধার করে ৯০২ গ্রাম ব্রাউন সুগার। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমরা মাদকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছি। এদিন বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে। দু’টি ঘটনারই তদন্ত শুরু হয়েছে।



