Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শালবনীতে টেন্ডার নিয়ে ঝামেলা, মার ঠিকাদারকে, ধৃত ৫

শালবনীতে টেন্ডার নিয়ে ঝামেলা, মার ঠিকাদারকে, ধৃত ৫
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শালবনী ব্লকের বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতে টেন্ডার নিয়ে অশান্তির জেরে এক ঠিকাদারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। এই ঘটনায় স্থানীয় পাঁচ ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ঠিকাদারদের নাম শ্রীদাম ঘোষ, অনুপ বাছাড়, ফিরোজ খান, শেখ মহম্মদ ইদ্রিস ও প্রদীপ পাঁজা। তাঁদের প্রত্যেকের বাড়ি শালবনী থানা এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হলে বিচারক ২ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাত বলেন, আমি সেই সময়ে ছিলাম না। কিছু কাজের জন্য বাইরের ঠিকাদাররা অংশ নিয়েছিল। তাঁরা কাজটা পেয়ে যায়। এরপর তাঁরা ওয়ার্ক অর্ডার নিতে এলে অশান্তি হয়েছে। পুলিসকে জানানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নিয়েছে পুলিস। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার ধর্মা এলাকার বাসিন্দা শেখ ইয়াসিন ঠিকাদারদের কাজ করেন। বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছু উন্নয়নমূলক কাজের জন্য  ই-টেন্ডারে তিনি অংশ নেন। নিয়ম অনুসারে তিনি কাজ পেয়েও যান। এরপর ইয়াসিন সোমবার বিকেলে বাঁকিবাঁধ গ্রাম পঞ্চায়েতে যান ওয়ার্ক অর্ডার আনার জন্য। সেখানে যেতেই অশান্তি শুরু হয়। অভিযোগ, ওই কাজ পেতে চেয়েছিল স্থানীয় ঠিকাদাররা। বাইরের ঠিকাদার কাজ পেয়ে যাওয়ায় অশান্তি চরমে ওঠে। এরপর ওই পাঁচ অভিযুক্ত তাঁকে বেধড়ক মারধর করে। অসুস্থ হয়ে পড়ে ইয়াসিন। এরপর খবর পেয়ে সেখানে পৌঁছয় বিশাল পুলিস বাহিনী। দ্রুত ব্যবস্থা নেয় শালবনী থানার পুলিস। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ