সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার-১ ব্লকের শিলবাড়িহাট উচ্চ বিদ্যালয়ে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা। শনিবার রাতে দরজার তালা ভেঙে স্কুলের অফিস ঘরে ঢুকে পড়ে দলটি। সেখানে আলমারি ভেঙে ফাইল ঘাটাঘাটি করে। আলমারিতে থাকা ২৬হাজার ৫০০টাকা নিয়ে চম্পট দেয় দলটি। খবর পেয়ে রবিবার সকালে স্কুলে যায় পুলিস। স্কুলের প্রধানশিক্ষক পীযূষকুমার রায় বলেন, ফাইল ও কাগজপত্র ঘেঁটে কিছু টাকা দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। তবে পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল চারটার পর থেকে স্কুলের সিসিক্যামেরা বিকল ছিল। সোনাপুর ফাঁড়ির ওসি অমিত শর্মা বলেন, কেন সিসিক্যামেরা বিকল ছিল সেটা তদন্ত করে দেখা হচ্ছে। তবে রবিবার বিকাল পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি।



