নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: শুক্রবার থেকে কোচবিহারে শুরু হল শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যাল-২০২৪। কোচবিহার অনাসৃষ্টি গত কয়েকবছর ধরে এই ব্যতিক্রমী সাংস্কৃতিক উদ্যোগ নিয়েছে। এবছরের শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভ্যালে ২০টিরও বেশি নাটক পরিবেশিত হবে। নাটক পরিবেশনার পাশাপাশি থাকছে তোর্সা আরতি। তোর্সা নদীর স্বাস্থ্যরক্ষায় এই আয়োজন। একইভাবে শালবাগান হাটে স্থানীয় হস্তশিল্প ও খাদ্যপণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র রয়েছে। থাকছে নৌকা বিহার। শাল বাগানের প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগের এক অনন্য সুযোগ। জঙ্গল লাইব্রেরি তৈরি করে সেখানে শিশু থেকে শুরু করে সববয়সী পাঠকদের জন্য পরিবেশবান্ধব গ্রন্থাগার গড়ে তোলা হয়েছে। চিত্রকলা প্রদর্শনীর মাধ্যমে শিল্পী সুমন দাসের একক প্রদর্শনী থাকছে। ফোক ও মশাল ফেস্টিভ্যালের মাধ্যমে লোকসংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে মশাল প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। উৎসবটি প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। প্রথমদিন রাজস্থানে একটি নাট্যদল কাবুলিওয়ালা নাটক মঞ্চস্থ করেছে।



