নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের শালবাগানকে রক্ষা করার লক্ষ্যে ‘শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভাল’-এর সূচনা হয়েছিল। এবার সেই ফেস্টিভাল পঞ্চম বর্ষে পা দেবে। অসম, বাংলার প্রায় ২০টি নাটকের দল তিনদিন ধরে জঙ্গলের মধ্যে থেকে নাটক পরিবেশন করবে। আগামী ১৩-১৫ ডিসেম্বর এই নাটক হবে। এই ফেস্টিভালের আয়োজক সংস্থা কোচবিহার অনাসৃষ্টি নামে একটি নাট্যগোষ্ঠী। গত চারদিন ধরে তারা তাদের এবারের প্রযোজনার জন্য শালবাগানে কর্মশালার আয়োজন করেছিলেন। বৃহস্পতিবার ছিল সেই কর্মশালার শেষ দিন।
Advertisement
এবার এই নাট্যগোষ্ঠী উত্তরবঙ্গের লোকদেবতা ‘মাশান’কে নিয়ে নাটকের আয়োজন করছে। নাটকের নামও মাশান। রচয়িতা রুমা দে ও নির্দেশক প্রশান্ত সূত্রধর। আয়োজক নাট্যগোষ্ঠী কোচবিহার অনাসৃষ্টির সম্পাদক সুমন্ত সাহা বলেন, এবার বিভিন্ন জায়গা থেকে প্রায় ২০টি নাটকের দল শালবাগান জঙ্গল থিয়েটার ফেস্টিভালে অংশ নিতে আসবে।



