Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শৌলায় ট্রিটমেন্ট প্ল্যান্টের বাধা কাটাতে গ্রামবাসীদের দেখানো হল অনুরূপ প্রকল্প

শৌলায় ট্রিটমেন্ট প্ল্যান্টের বাধা কাটাতে গ্রামবাসীদের দেখানো হল অনুরূপ প্রকল্প
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাঁথি: বাসিন্দাদের বাধায় থমকে সলিড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। কাঁথির নয়াপুট গ্রাম পঞ্চায়েতের শৌলায় কাঁথি পুরসভার উদ্যোগে হচ্ছিল ওই ট্রিটমেন্ট প্ল্যান্টটি। বাধা কাটিয়ে যাতে দ্রুত কাজ শুরু হয়, তারজন্য পুরসভাকে সহযোগিতা করছে সংশ্লিষ্ট কাঁথি-১ ব্লক প্রশাসন। রবিবার ব্লক প্রশাসনের উদ্যোগে পঞ্চায়েত প্রতিনিধি ও এলাকাবাসীদের পশ্চিম মেদিনীপুরের গড়বেতার রসকুণ্ডু এলাকায় অনুরূপ একটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করাতে নিয়ে যাওয়া হয়। উদ্দেশ্য, প্রকল্পটি ঘুরে দেখার পর যাতে তাঁরা এলাকার বাসিন্দাদের এ বিষয়ে বোঝাতে সক্ষম হন। কাঁথির পুরসভার উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের অর্থানুকূল্যে সমুদ্রতীরবর্তী শৌলা এলাকায় শেরপুর-জালপাই মৌজায় সাত একর সরকারি জমির উপর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি গড়ে ওঠার কথা। এজন্য বেশ কয়েক কোটি টাকা খরচ হচ্ছে। প্রকল্পের উদ্দেশ্য হল, কাঁথি পুরসভা এলাকা থেকে সংগৃহীত যাবতীয় বর্জ্য এনে শৌলায় ট্রিটমেন্ট প্ল্যান্টে জমা করা হবে। তারপর মেশিনের সাহায্যে কঠিন ও তরল বর্জ্য আলাদা করা হবে। তরল বর্জ্য থেকে জৈব সার এবং কঠিন বর্জ্যকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। গত ২০ জানুয়ারি প্রকল্পের অঙ্গ হিসেবে অ্যাপ্রোচ রোড তৈরির জন্য মাটি ভরাটের কাজ শুরু হওয়ায় বাধাদানের পাশাপাশি বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বাধার জেরে উপস্থিত দপ্তরের ইঞ্জিনিয়ার, পুর প্রতিনিধিরা এবং ঠিকাদার সংস্থার লোকজন কাজ বন্ধ করে ফিরে আসতে বাধ্য হন। এলাকাবাসীদের অভিযোগ ছিল, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ার নামে এখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে। আবর্জনার পাহাড় গড়ে উঠবে। এতে দুর্গন্ধ ছড়াবে, দূষণ হবে। কিন্তু পুরসভার তরফে জানানো হয়, এখানে ডাম্পিং গ্রাউন্ড নয়, ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ে তোলা হবে। কোনও দূষণ ছড়াবে না। কিন্তু বাসিন্দারা তা মানতেই চাননি। তারপর সমস্যা সমাধানে প্রশাসনিক স্তরে কয়েকবার বৈঠক করেও জট কাটেনি। শেষ পর্যন্ত এবিষয়ে উদ্যোগ নিয়েছে ব্লক প্রশাসন। পরিদর্শনের সময় প্রতিনিধিদলে ছিলেন বিডিও অমিতাভ বিশ্বাস, জয়েন্ট বিডিও জয়ন্ত বড়ুয়া, নয়াপুট পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ জানা, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা সহ এলাকার কয়েকজন। পঞ্চায়েত সমিতির সদস্য সুনীত পট্টনায়ক বলেন, কিছু মানুষ না বুঝে প্রকল্পটি গড়তে বাধা দিচ্ছেন। উস্কানি দেওয়া হচ্ছে। এই প্রকল্প গড়ে উঠলে কাঁথি শহর আবর্জনামুক্ত হবে। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যাঁরা বাধা দিচ্ছেন কিংবা উস্কানি দিচ্ছেন, তাঁদের ধারণা পাল্টাতে ভিনজেলায় এই প্রকল্প পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ার ক্ষেত্রে আমরা পুরসভাকে সবদিক দিয়ে সাহায্য করব। বিডিও বলেন, এলাকার মানুষকে বোঝানোর প্রক্রিয়া চলছে। আশা করছি, আমরা সফল হব। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ